বাঁচা-মরার লড়াইয়ে যেমন একাদশ নিয়ে নামতে পারে বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে হতাশাজনক হার, অধিনায়ক তামিম ইকবালের আকস্মিক অবসরের ঘোষণা। গত দুইদিন বাংলাদেশের ক্রিকেটের অবস্থা পুরো টলামাটাল। বাংলাদেশের হারের চেয়েও দেশের মানুষের মনের আক্ষেপ তামিমের অবসর নিয়ে। অবশেষে কেটেছে সেই শঙ্কার মেঘ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে সারা দিয়ে অবসরর ভেঙ্গে আবার ক্রিকেটে ফেরার ঘোষণা দিয়েছেন তামিম। তবে আপাতত ছয় সপ্তাহের ছুটি নিয়েছেন চট্টলার খান সাহেব। সরাসরি এশিয়া কাপ দিদেই মাঠের ক্রিকেটে ফিরবেন তামিম। 

এদিকে, তামিমের ফেরার সুখবর নিয়েই আজ আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। তামিমের জায়গায় সিরিজের বাকি দুই ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করবেন লিটন কুমার দাস। তামিম ফেরায় খুশি দেশের ক্রিকেট ভক্তরা। প্রথম ওয়ানডেতে হারের পর আজ টাইগারদের সামনে বাঁচা-মরার লড়াই। এই লড়াইয়ে জয় ছাড়া কোনো বিকল্প নেই লিটনের দলের। আজ জিতে সিরিজ বাঁচিয়ে রাখতে বেশ আত্মবিশ্বাসী টিম টাইগার্স।

তামিম না থাকায় দলের দায়িত্বভার এখন লিটনের। তিনি অবশ্য জানালেন, আপাতত শুধু আজকের ম্যাচ নিয়েই ভাবছে দল। আফগানদের হারিয়ে সিরিজে টিকে থাকতে বদ্ধপরিকর বাংলাদেশ। 

তামিমের পরিবর্তে সিরিজের শেষ দুই ম্যাচের জন্য দলে ডাক পেয়েছে রনি তালুকদার। তামিমের জায়গায় আজ ইনিংস উদ্বোধন করতে পারেন তিনি। তবে তার চেয়ে আজ একাদশে মাঠে নামার সম্ভাবনা বেশি দলের সঙ্গে আগের থেকেই থাকা আরেক ওপেনার নাঈম শেখের। দলের সঙ্গে আর অনুশীলনের ভেতর থাকাতেই রনির চেয়ে এগিয়ে থাকবেন নাঈম। একাদশে একমাত্র এই পরিবর্তন নিয়েই মাঠে নামতে পারে বাংলাদেশ। 

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ দুপুর ২টায় শুরু হবে দ্বিতীয় ওয়ানডেতে আফগানদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: নাঈম শেখ, লিটন দাস (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।