পাথুম নিশাঙ্কার সেঞ্চুরি ও স্পিনার মহেশ থিকশানার বোলিং নৈপুণ্যে জয় দিয়ে বিশ্বকাপ বাছাই পর্বের সুপার সিক্স পর্ব শেষ করলো শ্রীলঙ্কা। সবার উপরে থেকেই নিশ্চিত হয়েছে লঙ্কানদের বিশ্বকাপ খেলা।
শুক্রবার (৭ জুলাই) সুপার সিক্সের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। এবারের বাছাইপর্ব থেকে আগামী বিশ^কাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। ৫ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে থেকে বাছাই পর্ব শেষ করে ক্যারিবীয়রা। বাছাইপর্বে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল হিসেবে বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস।
হারারেতে টস হেরে প্রথমে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলঙ্কা। কিসি কার্টির হাফ-সেঞ্চুরিতে ৪৮.১ ওভারে সব উইকেট হারিয়ে ২৪৩ রান করে ওয়েস্ট ইন্ডিজ। ছয় নম্বরে নেমে ৬টি চার ও ১টি ছক্কায় ৯৬ বলে ৮৭ রান করেন কার্টি। এছাড়া জনসন চার্লস ৩৯, রোমারিও শেফার্ড ২৬ ও কেভিন সিনক্লেয়ার ২৫ রান করেন। শ্রীলঙ্কার হয়ে ৩৪ রানে ৪ উইকেট নেন থিকশানা ।
২৪৪ রানের টার্গেটে শ্রীলঙ্কাকে দুর্দান্ত সূচনা এনে দেন দুই ওপেনার নিশাঙ্কা ও দিমুথ করুনারত্নে। ৩৩.৩ ওভারে ১৯০ রানের জুটি গড়েন তারা। জুটিতে ৮৩ রান করে ফিরেন করুনারত্নে। অন্যপ্রান্তে ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে ১০৪ রানে থামেন নিশাঙ্কা। ১১৩ বল খেলে ১৪টি চার মারেন তিনি।
২০৪ রানে দুই ওপেনার ফিরলে শ্রীলঙ্কার জয় নিশ্চিত করেন কুশল মেন্ডিস ও সাদিরা সামারাবিক্রমা। কুশল ৩৪ ও সামারাবিক্রমা ১৭ রানে অপরাজিত থাকেন। ম্যাচ সেরা হন থিকশানা।
গ্রুপ পর্ব ও সুপার সিক্স শেষে ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে শ্রীলঙ্কা। ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে নেদারল্যান্ডস। পয়েন্ট টেবিলের শীর্ষ দু’দল হিসেবে ভারতে অনুষ্ঠেয় আগামী বিশ্বকাপে খেলবে শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস। এজন্য বাছাই পর্বের ফাইনালও খেলবে তারা। আগামী ৯ জুলাই বাছাই পর্বের ফাইনালে ডাচদের মুখোমুখি হবে লঙ্কানরা।