চট্টগ্রামে চলমান আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে গতকাল খেলতে নেমে এই ফরম্যাটে নতুন আরেক মাইলফলক স্পর্শ করেছে টাইগার অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম। তবে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলার কীর্তিটা অনেক আগে থেকেই তার দখলে ছিল এবার সেটাতেই ম্যাচ সংখ্যা বাড়াল। শনিবার টাইগারদের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ ২৫০তম ম্যাচ খেলতে নেমেছিলেন তিনি।
বাংলাদেশ দলের হয়ে মুশফিকের প্রায় ১৭ বছরের ওয়ানডে ক্যারিয়ার। এছাড়া টাইগার পঞ্চপাণ্ডবেরও অন্যতম একজন খেলোয়াড় মুশফিক। অভিজ্ঞ এ উইকেটরক্ষকের দীর্ঘ ক্যারিয়ারে ২৪৯ ম্যাচে ৯ সেঞ্চুরি ও ৪৪ ফিফটিসহ ৭ হাজার ১৮৮ রান করেন মুশফিক। ৭৯.৬৯ স্ট্রাইক রেটে তার ব্যাটিং গড় ৩৭.০৫। তামিম ও সাকিবের পর ওয়ানডেতে ৭ হাজার রান করা তৃতীয় বাংলাদেশি মুশফিক। এই ফরম্যাটে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরির মালিকও তিনিই। এছাড়া বাংলাদেশি ব্যাটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। শুধু তাই নয় উইকেটের পেছনে দাঁড়িয়ে ২৪৯ ম্যাচে ২১২টি ক্যাচ ও ৫৩টি স্ট্যাম্পিং করেছেন তিনি। মোট ২৬৫টি ডিসমিসাল নিয়ে আছেন উইকেটরক্ষকদের তালিকায় সপ্তম অবস্থানে।
এদিকে মুশফিকের পরে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ওয়ানডে ম্যাচ খেলার তালিকায় রয়েছেন তামিম ইকবাল (২৪১), সাকিব আল হাসান (২৩৩), মাহমুদউল্লাহ রিয়াদ (২১৮) ও মাশরাফি বিন মর্তুজা (২১৮)।