বাবর আজমের পাকিস্তান কি আদৌ ভারতের মাটিতে পা রাখবে? পাকিস্তান দলকে কি আসন্ন বিশ্বকাপে খেলতে দেখা যাবে? সেটা নিয়ে উচ্চপর্যায়ের কমিটি গঠন করল প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকার। এই কমিটির শীর্ষে রয়েছেন পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। পাকিস্তান দল বিশ্বকাপে খেলতে ভারতে যাবে কি না, সেই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব পাকিস্তান সরকারের ওপরেই ছেড়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ভারতে খেলতে যাওয়া নিয়ে আলোচনা করতেই বিশেষ কমিটি গঠন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
বিলাওয়াল ছাড়াও এই কমিটিতে আইনমন্ত্রী থেকে শুরু করে পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী রানা সানাউল্লাহ সকলেই রয়েছেন। তাছাড়াও পররাষ্ট্র সচিব ও বিভিন্ন গোয়েন্দা বিভাগের প্রধানকে কমিটিতে রেখেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
ভারতে খেলতে আসার আগে একটি বিশেষ কমিটি যাবে ভেন্যু দেখতে। ভেন্যু দেখে তাদের কোনো কিছু জানার থাকলেও সব বিষয় খতিয়ে দেখেই রিপোর্ট পেশ করবে এই বিশেষ কমিটি। এরপর এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। আহমেদাবাদ, হায়দরাবাদ, চেন্নাই, বেঙ্গালুরু এবং কলকাতায় খেলবে পাকিস্তান।