আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে অপ্রত্যাশিতভাবে হারে বাংলাদেশ। আর দ্বিতীয় ম্যাচে ১৪২ রানের বড় ব্যবধানে হেরে সিরিজ খুইয়েছে টাইগাররা। হারের কারণ হিসেবে বাজে বোলিংকে দুষলেন মেহেদি হাসান মিরাজ।
শনিবার (৮ জুলাই) চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরানের সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশকে ৩৩২ রানের বড় লক্ষ্য ছুঁড়ে দেয় আফগানিস্তান। সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৮৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে মিরাজ বলেন, 'ওরা একটু বেশি রান করে ফেলেছে। প্রথমদিকে আমরা ভালো বল করতে পারিনি, গুছিয়ে বল করতে পারেনি। ৩৩০ রান (৩৩১) এই উইকেটে অনেক বেশি। আমরা ৩০-৪০ রান বেশি দিয়ে ফেলেছি। হয়ত ২৮০-২৯০ এর মধ্যে থাকলে খেলাটা অন্যরকম হয়ে যেত। যেহেতু ৩৩০ করছে বেশি ছিল। ওদের বোলিং আক্রমণ ভাবলে কঠিন ছিল আমাদের। আমরা শুরুতে আরও ভাল বল করলে ভালো হত।'