টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে শুরু হয়েছিল অস্ট্রেলিয়ার দাপট। অ্যাশেজেও ছড়ি ঘুরাচ্ছিল প্যাট কামিন্সরা। সেটা এতটাই যে, প্রথম দুই টেস্ট জিতে হেডিংলিতেই ছিল অ্যাশেজ জয়ের হাতছানি। দুরন্ত গতিতে ছুটতে থাকা সেই অস্ট্রেলিয়াকে এবার থামালো ইংল্যান্ড। হেডিংলি টেস্ট জিতে মর্যাদার সিরিজে টিকে থাকলো ইংলিশরা।
আজ (রবিবার) হেডিংলি টেস্ট ৩ উইকেটে জিতে নিয়েছে ইংল্যান্ড। অ্যাশেজের তৃতীয় টেস্টের চতুর্থ দিনে জয়ের নায়ক হ্যারি ব্রুক। প্রয়োজনের সময় এই মিডল অর্ডার ব্যাটার খেলেন ৭৫ রানের ঝলমলে ইনিংস। তার সঙ্গে ক্রিস ওকসের অপরাজিত ৩২ রানে ৭ উইকেট হারিয়ে ২৫১ রানের লক্ষ্য পেরিয়ে যায় ইংলিশরা। তারপরও পাঁচ ম্যাচের অ্যাশেজে অস্ট্রেলিয়া এগিয়ে থাকলো ২-১ ব্যবধানে।
দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া ২২৪ রানে গুটিয়ে গেলে ইংল্যান্ডের লক্ষ্য ঠিক হয় ২৫১ রানের। তৃতীয় দিনে কোনও উইকেট না হারিয়ে ২৭ রান তুলে ফেলায় জয়ের সম্ভাবনা উজ্জ্বল হয় স্বাগতিকদের।
কিন্তু চতুর্থ দিনের সকালেই ছন্দপতন। মিচেল স্টার্কের ঝড়ে সব এলোমেলো। বাঁহাতি পেসারের তাণ্ডবে ৯৩ রান তুলতে ইংলিশরা হারায় টপ অর্ডারের তিন ব্যাটার- বেন ডাকেট (৪৪), মঈন আলী (৫) ও জ্যাক ক্রলিকে (২৩)। ব্রুককে নিয়ে চলে জো রুটের প্রতিরোধ। যদিও সেটা বেশিক্ষণ স্থায়ী হয়নি। রুট ২১ রানে ফিরে যান।
অধিনায়ক বেন স্টোকসও ব্যর্থ। স্টার্কের শিকার হয়ে মাত্র ১৩ রানে আউট হয়ে দলকে বিপদে ফেলে যান। খানিক পর জনি বেয়ারস্টোও (৫) স্টার্কের শিকার। ১৭১ রানে ৬ উইকেট হারিয়ে তখন হারের চোখ রাঙানি ইংলিশদের দিকে।
ওই জায়গা থেকেই স্বাগতিকদের জয়ের পথ গড়ে দেন ব্রুক। ওকসকে সঙ্গে করে প্রায় জয়ের কাছেই চলে গিয়েছিলেন তিনি। যদিও শেষ করতে পারেননি। স্টার্কের পঞ্চম শিকারে পরিণত হয়ে ৭৫ রানে আউট হয়ে যান ব্রুক। ৯৩ বলের ইনিংসটি তিনি সাজান ৯ বাউন্ডারিতে।
বাকি কাজটুকু সেরেছেন ওকস ও মার্ক উড। ওকস ৩২ রানে অপরাজিত থাকেন। অন্যদিকে আগ্রাসী ব্যাটিংয়ে ৮ বলে হার না মানা ১৬ রান করে জয় নিশ্চিত করেন উড।
ম্যাচসেরার পুরস্কার জিতেছেন এই উড-ই। বল হাতে প্রথম ইনিংসে ৩৪ রানে ৫ উইকেট। পরে দ্বিতীয় ইনিংসে ৬৬ রানে ২ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া: ২৬৩ ও ২২৪
ইংল্যান্ড: ২৩৭ ও দ্বিতীয় ইনিংসে (লক্ষ্য ২৫১) ৫০ ওভারে ২৫৪/৭ (ব্রুকস ৭৫, ক্রলি ৪৪, ওকস ৩২*, ডাকেট ২৩, রুট ২১, উড ১৬*; স্টার্ক ৫/৭৮, মার্শ ১/২৩, কামিন্স ১/৭৭)।
ফল: ইংল্যান্ড ৩ উইকেটে জয়ী।
সিরিজ: পাঁচ ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া ২-১ ব্যবধানে এগিয়ে।
ম্যাচসেরা: মার্ক উড।