প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি

ফরিদপুরে দুই দিনের রিমান্ডে বিএনপি নেতা চাঁদ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের মামলায় রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদের (৬৭) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (৯ জুলাই) দুপুর ১২টার দিকে ফরিদপুরের ১ নম্বর আদালতের বিচারক তরুন বাছার এ আদেশে দেন। সরকার পক্ষের আইনজীবী অনিমেষ রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

অনিমেষ রায় বলেন, রোববার ১২টার দিকে আবু সাঈদ চাঁদকে ফরিদপুর চিফ জুডিশিয়াল ১নম্বর আদালতে হাজির করা হয়। এ সময় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন করে। আদালত দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে আবু সাঈদ চাঁদকে ফরিদপুর কারাগারে নিয়ে যাওয়া হয়। 

উল্লেখ্য, গত ১৯ মে রাজশাহী বিএনপি কর্তৃক আয়োজিত এক সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকি দেন বিএনপির এই নেতা। এ ঘটনায় ২৩ মে ফরিদপুরের আদালতে ২০ কোটি টাকার মানহানি ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক।