বিবিসির অ্যাক্রেডিটেশন বাতিল করেছে সিরিয়া

পক্ষপাতমূলক ও বিভ্রান্তিকর খবর প্রচারের অভিযোগে বিবিসির অ্যাক্রেডিটেশন বাতিল করে দিয়েছে সিরিয়া। দেশটি আরো জানায়, একজন অজ্ঞাতনামা সংবাদদাতা ও ক্যামেরা অপারেটরের অ্যাক্রিডিটেশন বাতিল হয়েছে। তাদের বিরুদ্ধে সিরিয়াসংক্রান্ত ‘ব্যক্তিগত মতামতনির্ভর, মিথ্যা তথ্য ও প্রতিবেদন প্রকাশের’ সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে।

এ বিষয়ে বিবিসি সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছে, তাদের মধ্যপ্রাচ্যের সংবাদ সেবার কর্মীরা সব ধরনের রাজনৈতিক মতাদর্শের মানুষদের সঙ্গে কথা বলেন ও পক্ষপাতহীন এবং নিরপেক্ষ প্রতিবেদন প্রকাশ করেন। বিবিসির পক্ষ থেকে বলা হয়, ‘আমরা আরবি-ভাষাভাষী দেশগুলোতে পক্ষপাতহীন সংবাদ ও তথ্য প্রচার অব্যাহত রাখব। গত মাসে বিবিসি একটি প্রতিবেদন ছাপায়, যেখানে বলা হয়—ক্যাপটাগন নামের একটি অ্যামফেটামিন মাদকের বাণিজ্যে দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পরিবার ও সিরিয়ার সামরিক বাহিনী সরাসরি জড়িত।’   

প্রতিবেদনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন ইতিমধ্যে সিরিয়ার সরকারকে এই মাদকের উৎপাদন ও রপ্তানির জন্য অভিযুক্ত করেছে। সেনাবাহিনীর চতুর্থ ডিভিশনের প্রধান ও প্রেসিডেন্টের ভাই মাহের আল-আসাদকে এই চক্রের হোতা হিসেবে দায়ী করা হয়েছে। সিরিয়ার তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, বিবিসি কর্তৃপক্ষ তাদের পেশাদারি মান বজায় রাখতে ব্যর্থ হয়েছে। এর জবাবে বিবিসি দাবি করেছে, তারা পক্ষপাতমুক্ত এবং স্বাধীন সাংবাদিকতা করে। সিরিয়া সরকার আরো জানিয়েছে, ২০১১ সাল থেকে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিবিসি অনবরত ভুয়া খবর প্রচার করে চলেছে। এজন্য বিবিসিকে বারবার সতর্ক করা হয়েছিল। কিন্তু তার পরও তারা সিরিয়ায় সক্রিয় সন্ত্রাসীদের বক্তব্যের ওপর ভিত্তি করে সংবাদ প্রচার করে গেছে।