৩৮০ টাকায় মরিচ কিনে ১০০ টাকায় বিক্রি, ব্যতিক্রমী প্রতিবাদ যুবকের

কাঁচা মরিচের অস্বাভাবিক দাম বৃদ্ধি পাওয়া সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক ব্যতিক্রমধর্মী প্রতিবাদ জানালেন ইউটিউভ চ্যানেল চিত্রপুরী কৃষিচিত্র’র ইউটিউবার র. ই মানিক। তিনি বাজার থেকে ৩৮০ টাকা কেজি কাঁচা মরিচ কিনে তা সাধারণ মানুষের মধ্যে ১০০ টাকা কেজি দরে বিক্রি করেছেন।

সোমবার (১০ জুলাই) সকাল থেকে উল্লাপাড়ার নুরানী মোড়ে কাঁচা মরিচের ক্রেতা নারী ও পুরুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মরিচ কিনতে ভিড় করছে।

এর আগে শুক্রবার (৯ জুলাই) ইউটিউবার মানিক দুইশ ক্রেতার কাছে আধা কেজি কাঁচা মরিচ ৫০ টাকা করে বিক্রি করেন। মরিচ বিক্রির সময় মানিক সবাইকে কাঁচা মরিচের দাম বৃদ্ধির প্রতিবাদ এবং ক্রেতাদের সবাইকে তাদের আঙ্গিনায় কাঁচা মরিচসহ শাক সবজি আবাদের অনুরোধ জানান।

নুরানী চত্বরে কম মূল্যে কাঁচা মরিচ কিনতে আসা উল্লাপাড়া স্টেশন এলাকার বাসিন্দা ইউসুফ আলী মন্টু জানান, দ্রব্যমূল্য বৃদ্ধির এমন অভিনব প্রতিবাদ তিনি এর আগে কখনই দেখেননি। সেই সঙ্গে নিজের অর্থ গচ্ছা দিয়ে সাধারণ মানুষের মধ্যে কম মূল্যে কোনো দ্রব্য বিক্রির ঘটনাও তার কাছে এটাই প্রথম।

অপর ক্রেতা সালমা খাতুন ও কল্পনা বেগম বলেন,  ক’দিন ধরেই মরিচের এই অস্বাভাবিক দামে তাদের পরিবার খুব সমস্যায় পড়েছিল। ৫০ টাকায় আধা কেজি মরিচ কিনতে পেরে তারা খুশি। এছাড়া তারা মানিককে কম মূল্যে মানুষের মধ্যে মরিচ বিক্রির জন্য ধন্যবাদ জানান। সেই সঙ্গে  দুজনেই বাড়ির আঙ্গিনায় কাঁচা মরিচ গাছ লাগাবেন বলে অঙ্গীকার করেন।

এ ব্যাপারে র. ই মানিকের জানান, ভারত থেকে কাঁচা মরিচ আমদানির পরও ব্যবসায়ী সিন্ডিকেটসহ নানা কারণ দেখিয়ে এখনও মরিচের দাম অস্বাভাবিক রেখেছেন। যা সাধারণ মানুষের জন্য খুবই কষ্টসাধ্য। তিনি এই দ্রব্যমূল্যের প্রতিবাদ জানানোর জন্য বাজার থেকে ৩৮০ টাকা কেজি দরে ১০০ কেজি কাঁচা মরিচ কিনে আধা কেজির প্যাকেট তৈরি করে ৫০ টাকা দরে বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। সেই সঙ্গে তিনি ক্রেতাদেরকে তাদের বাড়ির আঙ্গিনায় মরিচ গাছসহ শাক সবজি চাষ করার জন্য অনুরোধ জানান।

তিনি সরকারের সংশ্লিষ্ট বিভাগকে বাজার সিন্ডিকেট ভেঙে দিয়ে মানুষের পাশে দাঁড়ানো দাবি জানান।