সিরাজগঞ্জে যমুনার পানি ফের বাড়ছে 

সিরাজগঞ্জে যমুনা নদীর পানি ফের বাড়ছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণের ফলে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। একই সঙ্গে বাড়ছে অভ্যন্তরীণ করতোয়া, ফুলজোড় ও বড়াল নদীর পানিও।

সোমবার (১০ জুলাই) সকালে সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৭৮ মিটার।  ২৪ ঘণ্টায় ৭ সেন্টিমিটার পানি বেড়ে বিপৎসীমার ১১২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

একইভাবে কাজিপুর পয়েন্টে যমুনা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ২৯ মিটার। ২৪ ঘণ্টায় ৭ সেন্টিমিটার পানি বেড়ে বিপৎসীমার ১৫১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এছাড়াও অভ্যন্তরীণ করতোয়া, ফুলজোড়, ইছামতি নদীসহ বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। 

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী রনজিত কুমার সরকার জানান, ভারী বর্ষণের কারণে যমুনা নদীসহ অভ্যন্তরীণ নদ ও নদীর পানি আবারও বৃদ্ধি পাচ্ছে।