বিশ্বের অন্যতম সেরা স্পিনার আফগানিস্তানের। রশিদ খান, মুজিব উর রহমান, মোহাম্মদ নবীকে সামলাতে হিমশিম খেতে হয় বিশ্বের বাঘা বাঘা ব্যাটারদের। চলমান সিরিজে আফগান স্পিনারদের সামলাতে বেগ পেতে হচ্ছে টাইগার ব্যাটারদের। আর তাই রশিদদের বেশ সমীহের চোখে দেখছেন বাংলাদেশ দলের সহকারী কোচ নিক পোথাস।
সোমবার (১০ জুলাই) আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডের আগে সংবাদ সম্মেলনে এসে পোথাস বলেন, 'সত্যি বলতে বর্তমানে বিশ্বের সেরা স্পিন অ্যাটাক আফগানিস্তানের। তাদের ৩ স্পিনার সাদা বলের ক্রিকেটে প্রচুর ম্যাচ খেলে। তারা এখন সারা বিশ্বেই খেলে বেড়াচ্ছে। তাদের মতো খেলোয়াড় থাকা একজন অধিনায়কের স্বপ্ন।'
তবে রশিদ খান, মুজিব উর রহমান, মোহাম্মদ নবীদের বিপক্ষে খেলতে পারাকে এডভান্টেজ হিসেবে দেখছেন পোথাস। তিনি আরও বলেন, 'তবে এই চ্যালেঞ্জ নেওয়াটা আমাদের জন্য এডভান্টেজ। কারণ এটা আমাদের আরও ভালো করে তুলবে। এই লেভেলের স্পিন মোকাবিলা করার পর আপনি যে কাউকে মোকাবিলা করতে পারবেন।'