বগুড়ায় দিনে-দুপুরে খুন হওয়া জসিম হত্যার রহস্য বের করেছে র্যাব। মায়ের সঙ্গে দুর্ব্যবহারের প্রতিশোধ নিতে রঙমিস্ত্রি জসিমকে হত্যা করে রাব্বি নামে এক যুবক। সোমবার (১০ জুলাই) দুপুরে র্যাব-১২ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তার রাব্বি শহরের কলোনীর চকলোকমান এলাকার মৃত ইসরাফিলের ছেলে।
মীর মনির হোসেন বলেন, চকলোকমান এলাকার মসজিদের মাঠে শুক্রবার ফুটবল খেলার সময় জসিমের পরিবারের এক ছেলের গায়ে বল লাগে। এ নিয়ে রাব্বির পরিবারের সঙ্গে জসিমের পরিবারের ঝগড়া হয়। এ সময় রাব্বির মায়ের সঙ্গে দুর্ব্যবহার করেন জসিম। একপর্যায়ে রাব্বির মায়ের গায়ে হাত তোলেন জসিম।
এরই জেরে শনিবার সকাল সাড়ে ১১টার দিকে চকলোকমান এলাকার মসজিদ মাঠেই জসিমের বুকে ও পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যান রাব্বি। পরে স্থানীয়রা জসিমকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী রোববার সদর থানায় একটি হত্যা মামলা করেন। মঙ্গলবার সকালে রাব্বিকে গ্রেপ্তার করা হয়।