আফগানিস্তানের পেস ভরসার নাম ফজলহক ফারুকী। বাংলাদেশের বিপক্ষে চলমান সিরিজেও ছন্দে আছেন এই পেসার। তবে হঠাৎই চোটে পড়েছেন তিনি। তবে শেষ ওয়ানডেতে ফারুকিকে পাওয়া নিয়ে আশাবাদী আফগানিস্তান।
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) এক কর্মকর্তার বরাত দিয়ে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, পায়ের চোটের কারণে ফারুকিকে আজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার এমআরআই করা হয়েছে।
এসিবির সেই কর্মকর্তা বলেন, 'সে (ফারুকি) আগে থেকেই কিছুটা অস্বস্তি বোধ করছে এবং কিছু সমস্যাও হচ্ছিলো তাই আজকে তাকে আমরা হাসপাতালে পাঠিয়েছি।' তবে শেষ ওয়ানডেতে এই পেসারের খেলার সম্ভাবনাই বেশি বলেও জানিয়েছেন তিনি।
বাংলাদেশের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে বল হাতে ছন্দে ছিলেন ফারুকি। দুই ম্যাচে ৬ উইকেট নিয়েছেন এই পেসার।