তামিম ইকবাল নেই। সেই সুযোগে আবারও একাদশের তালা খোলে নাঈম শেখের। কিন্তু সুযোগটা আর কাজে লাগাতে পারলেন কই! শেষ ওয়ানডেতে রানের খাতাই তো খুলতে পারলেন না নাঈম।
আজ (মঙ্গলবার) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-আফগানিস্তান। ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আফগানরা ১২৬ রানে অলআউট হয়েছে। সেই লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশের স্কোর ৫ ওভারে ১ উইকেটে ১১ রান।
তামিম ছুটিতে যাওয়ায় একাদশে সুযোগ মেলে নাঈমের। দ্বিতীয় ওয়ানডেতে তাও ৯ রান করেছিলেন, শেষ ম্যাচে তো কিছুই করতে পারলেন না। অল্প রানের লক্ষ্যে টিকে থাকার চেষ্টা করেছেন তিনি। তবে বাঁহাতি ব্যাটার পারেননি। ফজলহক ফারুকীর বলে ভেঙে পড়ে তার প্রতিরোধ। বোল্ড হওয়ার আগে ৮ বল করলেও রানের খাতা খুলতে পারেননি নাঈম।
হারলেই হোয়াইটওয়াশ। তাও আবার ঘরের মাঠে! বাংলাদেশের সামনে চরম লজ্জার চোখ রাঙানি। এমন ম্যাচেই কিনা আবার টসে হেরে বসলো বাংলাদেশ। টস হেরে বোলিংয়ে নামায় আগের ম্যাচের স্মৃতি নিশ্চয়ই কারও কারও মনে এসেছিল। এই আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতেই যে বিধ্বস্ত হয়েছিল বাংলাদেশ। তবে আজ (মঙ্গলবার) আর তেমনটা হয়নি। বরং দুর্দান্ত বোলিংয়ে জয়ের পথটা তৈরি করে রাখলো। এখন বাকি কাজটা ব্যাটারদের।