কুমিল্লার মনোহরগঞ্জে পারিবারিক কলহের জেরে বৃদ্ধ বাবাকে হত্যার দায়ে ৩ ছেলেকে মৃত্যুদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রোজিনা খান এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন-মনোহরগঞ্জ উপজেলার কান্দি গ্রামের নিহত হাজী আব্দুল করিমের ছেলে ফয়েজ উল্লাহ, অহিদ উল্লাহ ও শহীদ উল্লাহ। এ মামলায় অভিযুক্ত আরও ৪ আসামিকে খালাস দেওয়া হয়।
আদালত সূত্রে জানা যায়, নিহত হাজী আব্দুল করিম তিনটি বিয়ে করেন। দণ্ডপ্রাপ্তরা সবাই তার প্রথম স্ত্রীর সন্তান। দ্বিতীয় স্ত্রীর ঘরে দুই মেয়ে জন্মগ্রহণ করে। তাদের বিয়ে দেওয়া হয়। এরপর তিনি আবার বিয়ে করেন। তৃতীয় স্ত্রীর ঘরে তিন ছেলে ও এক মেয়ে জন্মগ্রহণ করেন। তৃতীয় স্ত্রীর সন্তানদের সঙ্গে প্রথম স্ত্রীর সন্তানদের জায়গা-জমি নিয়ে বিরোধ চলছিল। ২০১৩ সালের ২৬ আগস্ট সকালে ঝগড়ার একপর্যায়ে প্রথম স্ত্রীর সন্তানরা তাদের বাবা হাজী আব্দুল করিমকে কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের তৃতীয় স্ত্রী মোসা. সাফিয়া বেগম বাদী হয়ে ৮ জনকে আসামি করে থানায় মামলা করেন। ২০১৪ সালের ৫ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। মঙ্গলবার আদালতের বিচারক এ মামলার রায় ঘোষণা করেন।
আসামি পক্ষের আইনজীবী শাহানাজ সুলতানা সুমা বলেন, রায়ের কপি হাতে পেলে এ বিষয়ে উচ্চ আদালতে আপিল করা হবে।
সরকার পক্ষের আইনজীবী নুরুল ইসলাম বলেন, রায়ের সময় মৃত্যুদণ্ডপ্রাপ্তরা পলাতক থাকায় বিচারক তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন।