নারী ক্রিকেট

ভারতের ৯৫ রানও করতে পারলো না বাংলাদেশ

এভাবেও ম্যাচ হারা যায়! জয় তখন হাতের মুঠোয় মনে হচ্ছিল। ১২ বলে দরকার মাত্র ১৪ রান। টি-টোয়েন্টি ক্রিকেটে কী এমন কঠিন কাজ। তারপর শেষ ওভারে ১০ রানের প্রয়োজনীয়তাও কঠিন ছিল না, হাতে যখন ৪ উইকেট। ওই জায়গা থেকেও ম্যাচ হেরেছে বাংলাদেশের মেয়েরা। ভারতের মেয়েদের ৯৫ রানে থামিয়েও হারতে হয়েছে ৮ রানে।

আজ (মঙ্গলবার) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মেয়েদের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-ভারত। দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশের মেয়েরা মোটেও সুবিধা করতে দেয়নি ভারতকে। নির্ধারিত ২০ ওভারে সফরকারীরা করতে পারে ৮ উইকেটে ৯৫ রান। এই সহজ লক্ষ্যটাও টপকাতে পারেনি বাংলাদেশ। ২০ ওভারে অল আউট হয়েছে ৮৭ রানে।

বাংলাদেশের স্পিনারদের সামনে সর্বোচ্চ ব্যক্তিগত রান শেফালি ভার্মার। এই ওপেনার ১৪ বলে করেন ১৯ রান। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ রান আমানজোত কাউরয়ের। এছাড়া স্মৃতি মন্ধানা করেন ১৩ রান।

বাংলাদেশের সালমা খাতুন ২১ রানে নেন সর্বোচ্চ ৩ উইকেট। ৪ ওভারে ১৬ রান দিয়ে ২ উইকেট ফাহিমা খাতুনের।

লক্ষ্য মাত্র ৯৬। কিন্তু শুরুতেই ভারতীয় বোলারদের সামনে দিশেহারা স্বাগতিক ব্যাটাররা। টপ অর্ডারের তিন ব্যাটার- শামীমা সুলতানা (৫), সাথী রানি (৫) ও মুর্শিদা খাতুন (৪) কিছুই করতে পারেননি। ব্যর্থ হয়েছেন পরের দিকের ব্যাটারাও।

লড়ে গেছেন কেবল অধিনায়ক নিগার সুলতানা। বাংলাদেশের একমাত্র ব্যাটার হিসেবে গিয়েছেন দুই অঙ্কের ঘরে। সতীর্থদের ব্যর্থতার মিছিলে একপ্রান্ত আগলে রেখে খেলেছেন ৩৮ রানের ইনিংস। তারপরও বাঁচাতে পারেননি ম্যাচ। শেষ ৮ বলে ৫ উইকেট হারিয়ে নিশ্চিত জেতা ম্যাচ হেরে এসেছে বাংলাদেশ।