জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে উত্তাল প্যারিস

বিবিসি, রয়টার্স

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সের রাজধানী প্যারিসে গতকাল হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়। পুলিশ বিক্ষুব্ধদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাসের শেল ব্যবহার করলে বেশ কয়েকজন আহত হয়। পুলিশ এ ঘটনায়  ২৪ জনকে গ্রেফতার করেছে।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ছাড়াও ফ্রান্সে সামগ্রিকভাবে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার প্রতিবাদ জানায় বিক্ষোভকারীরা। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাত্রেঁদ্ধার পদত্যাগের দাবিতেও শ্লোগান দেয় তারা।  দুই সপ্তাহেরও বেশি সময় ধরে দেশজুড়ে সড়ক অবরোধ করে জ্বালানির দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়ে আসছে তারা। দেশটির বর্তমান প্রেসিডেন্টের জন্য তার দেড় বছরের শাসনকালে এ বিক্ষোভকেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। ফ্রান্সে গত এক বছরে ডিজেলের দাম ২৩ শতাংশ বাড়ানো হয়েছে। দেশটির বেশিরভাগ গাড়িতে ডিজেল ব্যবহার করা হয়ে থাকে। গত দশকের প্রথম দিককার পর এখনই দেশটিতে তেলের দাম সবচেয়ে বেশি। বিশ্ববাজারে তেলের দাম কমলেও ম্যাত্রেঁদ্ধার সরকার সেখানে ‘পরিষ্কার গাড়ি ও জ্বালানি’ প্রচারাভিযানের অংশ হিসেবে তেলের ওপর হাইড্রোকার্বন ট্যাক্স বাড়িয়েছে। দেশটিতে বর্তমানে প্রতি লিটার ডিজেলের ওপর ৭.৬ সেন্ট ও প্রতি লিটার পেট্রোলের ওপর ৩.৯ সেন্ট হারে ট্যাক্স আরোপ করা হয়েছে। এছাড়া আগামী জানুয়ারি মাস থেকে আরো ৬.৫ সেন্ট ও ২.৯ সেন্ট হারে কর বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তেলের দামের এমন ঊর্ধ্বগতির প্রতিবাদে ফরাসিরা আন্দোলনে নেমেছেন।