আন্তর্জাতিক বিতর্ক আসর ‘অস্ট্রালেসিয়ান বিতর্ক প্রতিযোগিতায়’ বিজয়ী হয়েছেন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) তিন শিক্ষার্থী তামিম আহমেদ (সিএসই বিভাগ, ২য় বর্ষ), তানজিম নূর তন্ময় (ইইই বিভাগ, ২য় বর্ষ) ও ইভান আশফাক (ইইই বিভাগ, ১ম বর্ষ)। গত ২-৯ জুলাই থাইল্যান্ডের ক্রাবিতে বসেছিল অস্ট্রালেসিয়ান ডিবেট কম্পিটিশনের এবারের আসর।
বাংলাদেশের একমাত্র প্রতিনিধি দল হিসেবে আইউউটি’র এই দল রওনা হয় গত ১ জুলাই। প্রতিযোগিতায় প্রথম ৩ দিনে ৮টি প্রাথমিক পর্ব অনুষ্ঠিত হয় এবং প্রাথমিক পর্বসমূহে নির্দিষ্ট নম্বর অর্জনের পরই একটি দল ‘নক-আউট পর্বে’ উত্তীর্ণ হওয়ার সুযোগ পায়।
আইইউটি তাদের প্রাথমিক পর্বে নিউজিল্যান্ডের ওটাগো বিশ্ববিদ্যালয় ও অকল্যান্ড বিশ্ববিদ্যালয়, অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়, সিংগাপুরের নানইয়াং টেক বিশ্ববিদ্যালয়, মালোয়েশিয়ার আইআইইউএম সহ আরো কিছু দলের মুখোমুখি হয়। এর মধ্যে উল্লেখযোগ্য অর্জন হিসেবে বাংলাদেশের দলটি নিউজিল্যান্ডের ২টি দলের বিপক্ষেই জয় লাভ করে।
প্রাথমিক পর্বের পর আইইউটি সহ ২টি দল ইএফএল (ইংলিশ এজ ফরেন ল্যাংগুয়েজ) বিভাগে সরাসরি ফাইনালে যাওয়ার সুযোগ পায়। অপর দলটি ছিল চায়নার বেইহাং বিশ্ববিদ্যালয়।
ফাইনালে আইইউটি ৬-১ ভোটে দাপুটে জয় লাভ করে। প্রাথমিক পর্বের নম্বর অনুযায়ী ইএফএল বিভাগে দলের সদস্য তানজিম নূর তন্ময় ৭ম ও তামিম আহমেদ ৮ম সেরা বিতার্কিকের উপাধি অর্জন করেন এবং তামিম আহমেদ ফাইনালে সেরা বক্তা হওয়ার গৌরব অর্জন করেন।
প্রতিযোগিতায় ৬০ দলের সেরা সব বিতার্কিকদের সাথে প্রতিযোগিতা করে বিজয়ী হওয়ার এমন অনন্য অর্জন আইইউটি’র এ ডিবেট দলের জন্য উল্লেখযোগ্য এক মাইলফলক।
দলটির সদস্যদের সবাই নটরডেম কলেজের সাবেক শিক্ষার্থী এবং তারা নটরডেম বিতর্ক ক্লাবের নিয়মিত সদস্য ছিলেন।