শেষ হলো সেনাবাহিনীর মুষ্টিযুদ্ধ প্রতিযোগিতা

সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হলো সেনাবাহিনী মুষ্টিযুদ্ধ প্রতিযোগিতা-২০২৩। বৃহস্পতিবার (১৩ জুলাই) বগুড়া সেনানিবাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট ও লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

সেনাবাহিনী মুষ্টিযুদ্ধ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন সেনা অঞ্চলের মোট ১৪টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় ৩৩ পদাতিক ডিভিশন দল চ্যাম্পিয়ন এবং ১১ পদাতিক ডিভিশন দল রানার-আপ হয়।

প্রতিযোগিতায় ১১ পদাতিক ডিভিশন দলের ইউপি ল্যান্স কর্পোরাল মো. মেহেদী হাসান শ্রেষ্ঠ মুষ্টিযোদ্ধা এবং এনসি (ই) মো. জুয়েল শ্রেষ্ঠ নবীন মুষ্টিযোদ্ধা নির্বাচিত হন।

উল্লেখ্য, প্রতিযোগিতাটি গত ৬ জুলাই শুরু হয়। প্রধান অতিথি ছাড়াও সমাপনী অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বগুড়া সেনানিবাসের বিভিন্ন ইউনিটের অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার ও অন্যান্য পদবির সৈনিকেরা উপস্থিত ছিলেন।

এ প্রতিযোগিতার মাধ্যমে সেনাবাহিনীর সদস্যদের মধ্যে শারীরিক সক্ষমতার পাশাপাশি আক্রমণাত্মক মনোভাব, ক্ষিপ্রতা এবং অভীষ্ট লক্ষ্যের প্রতি একাগ্রতা অর্জনসহ খেলোয়াড় সুলভ মনোভাবের বিকাশ ও পারস্পরিক সৌহার্দ্য আরও মজবুত হবে বলে আশা প্রকাশ করা যায়।