আবারো প্রদর্শিত হবে ‘আলফা’

গত এপ্রিলে স্বল্প পরিসরে মুক্তি পায় নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু পরিচালিত ‘আলফা’। তাই এই চলচ্চিত্রটি দেখার সুযোগ পেয়েছেন খুব কম মানুষ। তবে যাঁরা দেখেছেন তাঁরাই প্রশংসা করেছেন। এবার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আসছে আলোচিত সেই ছবি দেখার সুযোগ।

বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম-এর আয়োজনে ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় নাসির উদ্দিন ইউসুফের আলফা ছবিটি আগামী ১৩ জুলাই বিকেল ৫টায় জাতীয় চিত্রশালা মিলনায়তনে দেখানো হবে। আয়োজকরা জানান, আলফা চলচ্চিত্রটির প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।

ঢাকা শহরের একজন রিকশা পেইন্টারের জীবনের নানা বাঁকের গল্প এই ছবির প্রধান উপজীব্য। চলচ্চিত্রের কাহিনি এগিয়েছে তৃতীয় বিশ্বের একজন শহুরে নাগরিককে কেন্দ্র করে। এখানে ফুটে উঠবে যান্ত্রিক শহরের বাস্তবতার সঙ্গে মানিয়ে নেওয়া ও অন্তর্দ্বন্দ্ব নিয়ে বেঁচে থাকা এক চিত্রশিল্পীর জীবন।

আলফা ছবির কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন নাসির উদ্দীন ইউসুফ। ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন নতুন অভিনয়শিল্পী আলমগীর কবির দোয়েল ম্যাশ। এছাড়া পরিচিত মুখ হিসেবে দেখা যাবে এ টি এম শামসুজ্জামানকে। আরো অভিনয় করেছেন হীরা চৌধুরী, ইশরাত নিশাত, মোস্তাফিজ নূর ইমরান ও ভাস্কর রাসা। ছবিটির প্রযোজক ফরিদুর রেজা সাগর ও এশা ইউসুফ। প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম।