এই মুহূর্তে সালমান খান ও ক্যাটরিনার বিপরীতে লড়ছে ‘কবির সিং’। গড়েছেন নতুন রেকর্ডও। গত রবিবার এ সিনেমা আয় করে প্রায় ২৮ কোটি রুপি, যা সালমানের ‘ভারত’-এর আয় থেকে প্রায় ২ কোটি রুপি বেশি। এ খবর নিশ্চয়ই শহীদ কাপুর ও কিয়ারা আদভানির জন্য উচ্ছ্বাসের। কারণ তাঁরা যে সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন।
তবে এই সিনেমার বিভিন্ন রিভিউ পড়ে যা বোঝা গেল, পুরো সিনেমাজুড়ে এক শহীদের অভিনয় ব্যতিত আর কিছুই দেখার নেই! অনেক সিনেমা বিশ্লেষক তো বলছেন, দর্শকমনে ‘কবির সিং’ যদি ছাপ ফেলতে পারে, তবে তার পুরো কৃতিত্বই শহীদের। একাই ঘাড়ে করে ছবি এগিয়ে নিয়ে গেছেন তিনি। কিয়ারা ছবিতে নামমাত্র আছেন। অভিনয়ের দিক থেকে শহীদের ধারে কাছেও ঘেঁষতে পারেননি তিনি।
কিয়ারা অভিনয় যাই করুক, ছবি তো হিট! সবচেয়ে বড় বিষয় হচ্ছে শহীদ কাপুরের ক্যারিয়ারে একটি একমাত্র ‘সলো হিট’! নারীবিদ্বেষী সিনেমা আখ্যা দিয়ে অনেকের সমালোচনা সত্ত্বেও প্রেক্ষাগৃহের ওপর কোনো প্রভাব পড়েনি। এমনকি আপাতত থামার কোনো লক্ষণ নেই। মুক্তির ৪ দিনে মোট সংগ্রহ দাঁড়াল ৮৭ কোটি রুপি।
সোমবার চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ জানান, প্রথমদিনে এ সিনেমার সংগ্রহ ২০.২১ লাখ রুপি। দ্বিতীয় দিনে সংগ্রহ ২২.৭১ কোটি রুপি। ২ দিনে সংগ্রহ দাঁড়ায় ৪২.৯২ কোটি রুপি। আর তৃতীয় দিনে সংগ্রহ ২৭.৯১ কোটি রুপি। ৩ দিনে মোট সংগ্রহ দাঁড়ায় ৭০.৮৩ কোটি রুপি।
এই সিনেমার গল্পে দেখা যাবে, প্রেমিকা প্রীতির (কিয়ারা) অন্যত্র বিয়ের পর ছন্নছাড়া হয়ে যায় কবির সিং (শহীদ)। এরপর আত্মবিধ্বংসী পথ বেছে নেয় কবির। সারাক্ষণ মদ আর ধূমপানে আসক্ত হয়ে পড়ে। হয়ে পড়ে আত্মনিয়ন্ত্রণহীন। ট্রেইলারে রাগান্বিত শহীদকে দেখা গেছে। মারপিটের দৃশ্যও রয়েছে। অন্যদিকে, কিয়ারা স্নিগ্ধ। শহীদ ও কিয়ারার চুমুর দৃশ্যও ঝড় তুলেছে অন্তর্জালে।
সন্দীপ রেড্ডি ভার্গা পরিচালিত এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সুরেশ ওবেরয় ও নিকিতা দত্ত। প্রযোজনা করেছে মুরাদ খেতানি, অশ্বিন বর্দে ও টি-সিরিজ।