যৌতুকের দাবিতে মারধরের মামলায় আদালতে সাক্ষী হিসেবে উপস্থিত না থাকায় সঙ্গীতশিল্পী তাসবিয়া বিনতে শহীদ মিলার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। রবিবার ঢাকার ৯ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরীফ উদ্দিন এ আদেশ দেন।
২০১৭ সালে মিলার দায়ের করা সেই নারী ও শিশু নির্যাতন মামলায় চার্জ গঠন হয়েছে ২০১৮ সালে। কিন্তু দেড়বছর ধরে মিলা সাক্ষী দিতে না আসায় একাধিকবার সমন জারি করা হয়। তবুও আদালতে হাজির না হওয়ায় এই সঙ্গীতশিল্পীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন মহানগর আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৯-এর বিচারক মো. শরীফ উদ্দিন।
আইনজীবীরা জানান, মামলার বাদী মিলাকে সাক্ষ্য দেওয়ার জন্য আদালত থেকে ৬ বার সমন জারি হলেও তিনি আসেননি। এ কারণে বিচারক তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন।
একটি বেসরকারি এয়ারলাইন্সের বৈমানিক পারভেজ সানজারির সঙ্গে মিলার বিয়ে হয় ২০১৭ সালের ১২ মে। ওই বছর ৫ অক্টোবর উত্তরা পশ্চিম থানায় স্বামীর বিরুদ্ধে মামলা করেন তিনি। মামলার এজাহারে বলা হয়, বিয়ের পর বিভিন্ন সময়ে সানজারি তাঁকে মারধর করেছেন। তাঁর চাপে মিলা ৫ লাখ টাকা যৌতুক দেন। কিন্তু আরো ১০ লাখ টাকা দাবি করে ৩ অক্টোবর তাঁকে আবার মারধর করেন তাঁর স্বামী। তদন্ত শেষে পুলিশ এ মামলায় সানজারির বিরুদ্ধে অভিযোগপত্র দিলে ২০১৮ সালের ১৬ আগস্ট অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচারকার্য শুরু হয়।