অ্যালুমিনিয়ামের তৈজসপত্র ভ্যাটমুক্ত রাখার দাবি

অ্যালুমিনিয়াম তৈজসপত্র খাতে উত্পাদন পর্যায়ে বিদ্যমান ভ্যাট অব্যাহতি আগামী অর্থবছরেও রাখার দাবি জানিয়েছে বাংলাদেশে অ্যালুমিনিয়াম ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। সোমবার ডিআরইউ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি তুলে ধরেন সংগঠনের নেতৃবৃন্দ। সংগঠনের সভাপতি ওবায়দুর রহমান বলেন, দেশে উত্পাদিত অ্যালুমিনিয়াম তৈজসপত্র বিশেষ করে হাঁড়ি, পাতিল নিত্যপ্রয়োজনীয় পণ্য হিসেবে ব্যবহার করা হয়। ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এই খাতকেও ভ্যাটের অন্তর্ভুক্ত করা হয়। অ্যালুমিনিয়াম তৈজসপত্র খাতে উত্পাদনে মূসক অব্যাহতি বিদ্যমান না রাখলে এ খাতে হাজার হাজার শ্রমিক ও ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবে এবং কারখানা বন্ধ হয়ে যাবে। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে এমনিতেই অ্যালুমিনিয়ামের কাঁচামালের দাম বাড়ছে, মূসক অব্যাহতি বহাল না হলে প্রতি কেজিতে সাধারণ মানুষকে ৫০ থেকে ৬০ টাকা বেশি দাম দিয়ে পণ্য কিনতে হবে। অ্যালুমিনিয়াম উত্পাদনে ভ্যাট না থাকলেও কাঁচামাল আমদানিতে ১৫ শতাংশ ভ্যাট রয়েছে। প্রস্তাবিত বাজেটে ভ্যাট বহাল থাকলে এ নিয়ে ছোট ছোট কারখানাগুলোও হয়রানির শিকার হবে। আগামী অর্থবছরের বাজেটে এই খাতে ভ্যাট আরোপ না করার দাবি জানানো হয়।