বিপজ্জনক জারের পানি

সাম্প্রতিক সময়ে নিম্নমানের বেশকিছু খাদ্যপণ্য বাজার থেকে তুলে নেওয়ার জন্য আদালত নির্দেশনা দিয়েছেন এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে জনগণকে সেইসব পণ্য বর্জন করার অনুরোধ জানিয়েছেন। তারপরও কিছু কিছু ব্যবসায়ী নিম্নমানের পণ্য বিক্রি করে চলেছে। গত ১৯ জুন সকালে আদাবর থানাধীন নবদয় বাজার সংলগ্ন একটি রেষ্টুরেন্টে নোংরা জারে পানি বিক্রি করতে দেখেছি। এই পানি রেষ্টুরেন্টের ক্রেতারা পান করছে আর অসুস্থ হচ্ছে। যে সব ব্যবসায়ী আইন অমান্য করে নিম্নমানের এবং মেয়াদ উত্তীর্ণ খাদ্যপণ্য এখনো বিক্রি করছে, তাদের শুধু জরিমানা করলে হবে না—তাদের ব্যবসা বন্ধ করে দেওয়া উচিত। নিম্নমানের এবং মেয়াদ উত্তীর্ণ খাদ্যপণ্য সাধারণ মানুষকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

সোয়েব মেজবাহউদ্দিন

আদাবর, ঢাকা