শেষ আটে উরুগুয়ে

এডিসন কাভানির একমাত্র গোলে চিলিকে হারিয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে দুর্বল পেরুর প্রতিপক্ষ হলো উরুগুয়ে। অপরদিকে কাতারের পর দক্ষিণ আমেরিকার এই টুর্নামেন্ট থেকে বিদায় নিল জাপানও।

আগামী শুক্রবার ব্রাজিল ও প্যারাগুয়ের খেলা দিয়ে শুরু হবে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল পর্ব। শেষ আটের অপর দুই লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ভেনেজুয়েলা এবং কলম্বিয়া ও বর্তমান চ্যাম্পিয়ন চিলি।

কাভানি বাংলাদেশ সময় গতকাল সকালে অনুষ্ঠিত খেলাটিতে ৮২ মিনিটে গোলটি করেন। ১-০ গোলের এই জয়ে উরুগুয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে উঠে আসে। চিলি পায় দ্বিতীয় স্থান। এ জয়ে কাভানির দল ফেবারিট কলম্বিয়ার পরিবর্তে বিপক্ষ হিসেবে পায় পেরুকে। সঙ্গত কারণেই কলম্বিয়াকে পেল চিলি। ব্রাজিলের রিও ডি জেনিরোর বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলাটিতে স্বাগতিক দর্শকরা চিলির পক্ষেই ছিল। এমনকি কাভানির গোলটির আগ পর্যন্ত ধারণা করা হচ্ছিল ড্রয়ের দিকেই এগুচ্ছে খেলাটি। কিন্তু হেডে চিলি গোলরক্ষক গ্যাব্রিয়েল অ্যারিয়াসকে পরাস্ত করেন তিনি।

কলম্বিয়া এবার দুর্দান্ত খেলছে। গ্রুপের তিন খেলায় কলম্বিয়ানরা জয়ের পাশাপাশি কোনো গোল হজম করেনি। পেরু ৫-০ গোলে ব্রাজিলের কাছে পরাজিত হলেও সেরা দুটি তৃতীয় দলের একটি হয়েই শেষ আটে আসার সুযোগ পায়।

এদিকে জাপান গতকাল ‘সি’ গ্রুপের অপর খেলায় ইকুয়েডোরের সাথে ১-১ গোলে ড্র করে বিদায় নেয়। বাদ পড়ে ইকুয়েডোরও। অথচ দুইদলের যে কেউই জয় পেলে সেরা দুটি তৃতীয় হওয়া দলের একটি হিসেবে শেষ আটে উঠতে পারতো।

জাপান আসরটিতে এসেছিল তুলনামূলকভাবে তারুণ্য নির্ভর দল নিয়ে। তারা ভালই খেলছিল, শুধু জয়টি তুলে নিতে পারেনি। চিলির কাছে ৪-০ গোলের হারটি বেশ নির্দয় ছিল তাদের জন্য। তবে এরপর উরুগুয়ে ও ইকুয়েডোরের সাথে ড্র করে জাপানিরা নিজেদের খেলার উন্নতি ঘটায়। তাতেও অবশ্য লাভ হয়নি তাদের।