থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পদপ্রার্থী পিটাকে বরখাস্তের আদেশ আদালতের 

থাইল্যান্ডের সাংবিধানিক আদালত প্রধানমন্ত্রী পদপ্রার্থী পিটা লিমজারোয়েনরাতকে সংসদ থেকে সাময়িক বরখাস্তের আদেশ দিয়েছেন। গত ১৪ মে দেশটির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য তিনি অযোগ্য ছিলেন, এই অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে একটি মামলা গ্রহণ করা হয়। খবর আল-জাজিরার।

২০০৭ সাল থেকে সম্প্রচার করা হয়নি এমন একটি মিডিয়া কোম্পানিতে শেয়ারের মালিকানার ওপর কেন্দ্র করে একটি মামলার শুনানি করতে আদালত সম্মত হয়েছে। থাই আইনের অধীনে সংসদ সদস্যদের মিডিয়া কোম্পানিতে শেয়ারের মালিকানা নিষিদ্ধ করা হয়েছে।

থাইল্যান্ডের উচ্চ আদালত বুধবার জানায়, নির্বাচন কমিটির ভোটের ভিত্তিতে, পিটাকে সাংবিধানিক আদালত সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত ১৯ জুলাই থেকে বরখাস্ত করা হয়। তবে পিটা যুক্তি দিয়েছেন, একটি মিডিয়া কোম্পানিতে তার শেয়ারের মালিকানা নির্বাচনী নিয়মের লঙ্ঘন ছিল না। 

আজ বুধবার থাইল্যান্ডের সাংবিধানিক আদালত এ আদেশ দেন। নতুন প্রধানমন্ত্রী বেছে নিতে আজই দেশটির পার্লামেন্টে দ্বিতীয়বারের মতো ভোট হওয়ার কথা।

আদালত এক বিবৃতিতে বলেন, তার জবাবদিহিতার জন্য ১৫ দিন সময় দেওয়া হয়েছে।  

পিটার নির্বাচনে বিজয়ী মুভ ফরওয়ার্ড পার্টি বলেছে যে আদালতের স্থগিতাদেশের রায়  প্রধানমন্ত্রীর ভোটের জন্য পিটার মনোনয়নকে প্রভাবিত করবে না। 

সাংবিধানিক আদালতের ঘোষণার ফলে পার্লামেন্টের আজকের ভোট বাতিল হবে কি না, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। তবে আইনপ্রণেতারা এখনো প্রধানমন্ত্রী পদে পিটার মনোনয়ন নিয়ে বিতর্ক করছেন।

থাই আইন অনুসারে, পিটা এখনো প্রধানমন্ত্রীর প্রার্থী হিসাবে দাঁড়ানোর যোগ্য, তবে তাকে অবশ্যই নিম্নকক্ষ ছেড়ে যেতে হবে।