শীতে সর্দি-কাশি এড়াতে যা করবেন

উম্মে সালমা তামান্না

শীতের শুরুতে আবহাওয়া পরিবর্তনের সময় অনেকেই সর্দি-কাশি, নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত সমস্যায় ভোগেন। এসময় এসব ঠান্ডাজনিত সমস্যা এড়াতে বা দ্রুত সেরে উঠার জন্য বেশি করে পুষ্টিসম্পন্ন খাবার খেতে হবে যেমন রঙিন শাক-সবজি, ফলমূল ইত্যাদি। এছাড়াও এমন খাবার খেতে হবে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে সহজে সর্দি-কাশি সারিয়ে তুলতে সাহায্য করবে। সহজে গলাধঃকরণ করা যায় এমন খাবার গ্রহণ করাই শ্রেয়। আদা ও লেবু দিয়ে চা কিংবা তুলসীপাতা দিয়ে চা খেলে এ সময় আরাম পাওয়া যায়। দিনে ১/২ বার কুসুম গরম পানিতে লেবু ও মধু মিশ্রিত করেও খেতে পারেন। স্যুপ হলো আর একটা উপকারী খাবার। সবজি ও চিকেন দিয়ে গরম স্যুপ খেলে সেটা কফ পরিষ্কার করে এবং রক্ত জমাট বাঁধলে তা কমিয়ে দেয়। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এমন খাবার খেতে হবে বেশি করে যেমন দই, ফ্লাক্সসিড, আখরোট, এক্সট্রা ভার্জিন অলিভওয়েল, রসুন, মাশরুম। ভিটামিন-সি, ই এবং উচ্চ সেলেনিয়ামযুক্ত খাবারও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ভিটামিন-সি যুক্ত খাবার যেমন সাইট্রাস ফলের (কমলা, মাল্টা, লেবু, আনারস, স্ট্রবেরি) জ্যুস, কাঁচামরিচ, টমেটো, ব্রকলি ও পেয়ারাও খেতে পারেন। ভিটামিন-ই যুক্ত খাবার বেরিস, কাঠবাদাম, সানফ্লাওয়ারের বীজ, শস্যদানা এবং বিটাক্যারোটিনযুক্ত খাবার সবুজ শাক, শালগম, ব্রকলি, গাজর, মিষ্টি আলু, মিষ্টিকুমড়া বেশি করে খাবেন। এছাড়াও উচ্চ সেলেনিয়ামযুক্ত খাবার যেমন ডিম, মুরগির মাংস, গরু ও ভেড়ার মাংস, টার্কি, টুনামাছ, চিংড়িমাছ খেলেও তা আপনার সর্দি-কাশি দ্রুত সারাতে সাহায্য করবে। প্রচুর পানি খেতে হবে যাতে ডিহাইড্রেশন না হয়। কফি, কোল্ডড্রিংকস, এনার্জি ড্রিংকস, অ্যালকোহল খাওয়া যাবে না। এগুলো বডিকে ডিহাইড্রেট করে। এসময় কুসুম গরম পানি দিয়ে গোসল করা শ্রেয়।

লেখক : পুষ্টিবিদ।