চূড়ান্ত বাংলাদেশ-আফগানিস্তান পূর্ণাঙ্গ সিরিজের সূচি

কিছুদিন আগেই বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলে দেশে ফিরেছে আফগানিস্তান। টাইগারাদের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতেছে আফগানরা। অন্যদিকে ওয়ানডে সিরিজ খোয়ালেও টেস্ট ও টি-টোয়েন্টিতে দাপট দেখিয়েছে বাংলাদেশ। আগামী বছর আবারো পূর্ণাঙ্গ সিরিজ খেলবে এই দুই দেশ।

আগামী বছরের জুলাই-আগস্টে আফগানিস্তান সফরে যাবে বাংলাদেশ দল। তবে আফগানিস্তানের নির্দিষ্ট কোনো হোম ভেন্যু নেই। তাই সিরিজটি হতে পারে ভারত কিংবা দুবাইয়ে।

এই সিরিজে আফগানদের বিপক্ষে ২ টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। এই পূর্ণাঙ্গ সিরিজ এফটিপির অংশ। 

২০২৩-২৪ মৌসুমে আফগানদের হোম সিরিজ আছে মোট ৭টি। বাংলাদেশ ছাড়াও আয়ারল্যান্ডের সঙ্গে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে তারা। এছাড়াও বিশ্বকাপের আগে পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে হোম সিরিজ আছে আফগানদের।