ভোটদানের পরিবেশ নির্বিঘ্ন করতে হবে

ইত্তেফাক রিপোর্ট

সাবেক প্রধান নির্বাচন কমিশনার ড. এ টি এম শামসুল হুদা বলেছেন, ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট প্রদান করে নিরাপদে বাড়ি ফিরতে পারে নির্বাচন কমিশনকে সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। গতকাল শনিবার বাংলাদেশ চলচিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করা নিয়ে এক ছায়াসংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

শামসুল হুদা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সকল দলের অংশগ্রহণের মাধ্যমে নির্বাচনী সুবাতাস তৈরি করেছে। কিন্তু গ্রেপ্তার, মামলা, কালো টাকার ব্যবহার, পেশিশক্তির প্রদর্শন সুষ্ঠু নির্বাচন হওয়ার ক্ষেত্রে আস্থার অভাব তৈরি হয়েছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এটা বন্ধ করতে হবে। তিনি বলেন, হঠাত্ করে সাড়ে তিন হাজার কোটি টাকা দিয়ে ইভিএম কেনার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে রাজনৈতিক দল ও প্রার্থীসহ কেউই কিছু জানে না। ইভিএম ক্রয় প্রক্রিয়া কিভাবে করা হয়েছে এ সংক্রান্ত তথ্য নির্বাচন কমিশনের জনগণকে অবহিত করা উচিত। 

ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ সভাপতিত্ব করেন। প্রতিযোগিতায় বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস এন্ড টেকনোলজি বিজয়ী হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। এতে বিচারক ছিলেন অধ্যাপক আবু মোহাম্মদ রইস, সিনিয়র সাংবাদিক সালেহউদ্দিন, আইরিন বাশার রিফাত, ড. এসএম মোর্শেদ এবং ফ্রিল্যান্স সাংবাদিক জাহিদ রহমান।