দ্য গ্রেট হিমালয়া ট্রেইল পাড়ি দিলেন শাকিল

নেপালের ১ হাজার ৭০০ কিলোমিটারের ‘দ্য গ্রেট হিমালয়া ট্রেইল’ অভিযান সফলভাবে সম্পন্ন করেছেন বাংলাদেশের ইকরামুল হাসান শাকিল। বলা হচ্ছে, দীর্ঘ ও রোমাঞ্চকর এ যাত্রা সম্পন্ন করা প্রথম বাংলাদেশি তিনি। গত ৯ জুলাই কাঞ্চনজঙ্ঘা উত্তর বেসক্যাম্পে (পাংপেমা, ৫ হাজার ১৪২ মি.) তার এ অভিযান শেষ হয়। সেদিন ভোর সাড়ে চারটায় লোনাক থেকে রওনা হয়ে সকাল ৭টা ৫০ মিনিটে কাঞ্চনজঙ্ঘা বেসক্যাম্পে পৌঁছান শাকিল।

২০২২ সালের ১ আগস্ট শুরু হওয়া এ অভিযানে শাকিলকে হাঁটতে হয়েছে ৯৬ দিনেরও বেশি। যাওয়া আসা মিলিয়ে অভিযান ছিল মোট ১০৯ দিনের। হিমালয় পর্বতের পশ্চিমে নেপাল-তিব্বতের হিলশা এলাকার সীমান্ত গেট থেকে শুরু করে পূর্ব নেপালের কাঞ্চনজঙ্ঘা বেসক্যাম্প পর্যন্ত ১ হাজার ৭০০  কিলোমিটার দুর্গম পথ পাড়ি দিয়েছেন তিনি। মূলত এ পথকেই ‘গ্রেট হিমালয়া ট্রেইল’ বলা হয়ে থাকে।

নেপালের সব থেকে সীমাবদ্ধ, দুর্গম ও বিপজ্জনক এ দীর্ঘ উচ্চ হিমালয়ের পথ পাড়ি দিতে অতিক্রম করতে হয়েছে ২৯টি কঠিন পর্বতের পাস। যার মধ্যে ১৪টি ৫ হাজার মিটারের অধিক উচ্চতার দুর্গম ও বিপদজনক কঠিন পাস।

এ  অভিযানে হিমালয় পর্বতের কোল ঘেঁষে শত গ্রাম, নদী, জঙ্গল, পাহাড়ি পথ পাড়ি দিতে গিয়ে বৈচিত্র্যময় অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন শাকিল।

শাকিল বলেন, ‘এ ট্রেইল পাড়ি দিতে গিয়ে বৈরী আবহাওয়ার মধ্যে পথ হারিয়েছেন অসংখ্যবার, অনাহারে দিন-রাত কাটাতে হয়েছে। কখনো কখনো পাথুরে পথ বা বরফে বিপদের সম্মুখীনও হতে হয়েছে। তবুও হাল ছাড়িনি।’

তিনি জানান, ‘সারাবিশ্বে এখন পর্যন্ত সবমিলিয়ে প্রায় পঞ্চাশ জন পর্বতারোহী এ অভিযান পুরোটা শেষ করেছেন। তিনি তাদের একজন হতে পেরে গর্বিত।