উত্তর কোরিয়ার ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, দাবি দক্ষিণ কোরিয়ার

উত্তর কোরিয়া তাদের উপদ্বীপের পশ্চিমে সমুদ্রের দিকে বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।  দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী স্থানীয় সময় আজ শনিবার এ তথ্য জানিয়েছে। খবর আল-জাজিরার। 

ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে উত্তর কোরিয়ার বিভিন্ন অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে। এর আগে বুধবার দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর এটি উত্তর কোরিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ। দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র উভয়ই পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

শনিবার স্থানীয় সময় প্রায় সকাল ৪টার পর থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে বলে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ জানিয়েছেন।

এমন সময় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হলো যখন উত্তর এবং দক্ষিণ কোরিয়া মধ্যে সম্পর্ক একটি জটিল অবস্থায় আছে।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফের একজন মুখপাত্র বলেছেন, ‘আমরা এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণটিকে খুব গুরুত্ব সহকারে নিয়েছি। এটি একটি স্পষ্ট উস্কানি যা, এই অঞ্চলে অস্থিতিশীলতা বাড়াচ্ছে।’

এদিকে গত বুধবার উত্তর কোরিয়া তার পূর্ব সাগরে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের পরমাণু সজ্জিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সাবমেরিন দক্ষিণ কোরিয়ার একটি বন্দরে আসার কয়েক ঘণ্টা পরই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছিল উত্তর কোরিয়া।