কক্সবাজারে ছুরিকাঘাতে দুই শিক্ষার্থী আহত

কক্সবাজারের কলাতলীর দরিয়ানগর পিকনিক স্পটের ভেতরে দুই কলেজ শিক্ষার্থী ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়েছে। মঙ্গলবার বেলা দেড়টার দিকে পিকনিক স্পটের পাহাড়চূড়ায় এ ঘটনা ঘটে। আহত মো. শাহজাহান (১৯) ও রিয়া কক্সবাজার সিটি বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

আহত শিক্ষার্থী শাহজাহান জানান, মঙ্গলবার দুপুরে দুই সহপাঠী কলাতলী পিকনিক স্পটে (দরিয়ানগর পর্যটন কেন্দ্র) বেড়াতে যান। টিকিট কেটে ভেতরে ঢুকে তারা পাহাড়চূড়ায় ওঠার পর তাদের উপর হামলা চালায় চার ছিনতাইকারী। ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে দুইজনের কাছ থেকে মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয়।

পার্কের কাউন্টার ম্যানেজার বলেন, আহত দুই কলেজ শিক্ষার্থীকে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে। ছিনতাইকারীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

কক্সবাজার সদর থানার ওসি ফরিদউদ্দিন খোন্দকার বলেন, পার্কের অভ্যন্তরে পর্যটকদের নিরাপত্তা বিঘ্নিত হলে সেই পার্ক বন্ধ করে দেওয়া উচিত।