‘সামনে বাংলাদেশে এলে বাজে আম্পায়ারিং মোকাবিলার প্রস্তুতি নিয়ে আসব’ 

বাংলাদেশের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে নাটকীয় টাই করে সমতায় থেকে সিরিজ শেষ করেছে ভারত নারী ক্রিকেট দল। ভারতের ব্যাটিং ইনিংসের ৩৪তম ওভারে নাহিদা আক্তারের বলে ব্যাট করতে থাকেন ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌর। তার বিপক্ষে ক্যাচ আউটের জোরালো আবেদন ওঠে। তাতে সাড়া দিয়ে আউট দেন আম্পায়ার তানভীর আহমেদ। আম্পায়ারের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি হারমানপ্রীত। ব্যাট দিয়ে স্ট্যাম্প ভেঙে প্রতিক্রিয়া দেখান তিনি। শুধু তাই নয়, ম্যাচ শেষেও আম্পায়ার নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতের অধিনায়ক।

ম্যাচ শেষে হারমানপ্রীত আম্পায়ারিং নিয়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, ‘এই ম্যাচ থেকে আমরা অনেক কিছু শিখেছি। শেষ ওয়ানডেতে যে ধরনের আম্পায়ারিং হচ্ছিল সেটা আমাদের অবাক করেছে। আবার যখন বাংলাদেশে আসব, তখন নিশ্চিত হয়ে আসব যে আমাদের এই ধরনের আম্পায়ারিং মোকাবিলা করতে হবে এবং সেই অনুয়ায়ী প্রস্তুত হয়ে আসব। আম্পায়াদের সিদ্ধান্তে আমরা খুবই হতাশ।’

তিনি আরও ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যেটা আগে বললাম, প্যাথেটিক আম্পায়ারিং। আমরা আম্পায়ারের বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে খুবই হতাশ।’