কিছু কথা যা বলা সম্ভব না, ক্রিকেট ভদ্রলোকের খেলা: জ্যোতি

বাংলাদেশের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে নাটকীয় টাই করে সমতায় থেকে সিরিজ শেষ করেছে ভারত নারী ক্রিকেট দল। ভারতের ব্যাটিং ইনিংসের ৩৪তম ওভারে নাহিদা আক্তারের বলে ব্যাট করতে থাকেন ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌর। তার বিপক্ষে ক্যাচ আউটের জোরালো আবেদন ওঠে। তাতে সাড়া দিয়ে আউট দেন আম্পায়ার তানভীর আহমেদ। 

আম্পায়ারের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি হারমানপ্রীত। ব্যাট দিয়ে স্ট্যাম্প ভেঙে প্রতিক্রিয়া দেখান তিনি। শুধু তাই নয়, ম্যাচ শেষেও আম্পায়ার নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতের অধিনায়ক।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থাপকের প্রশ্নের জবাবে হারমানপ্রীত আম্পায়ারিং নিয়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, 'এই ম্যাচ থেকে আমরা অনেক কিছু শিখেছি। শেষ ওয়ানডেতে যে ধরনের আম্পায়ারিং হচ্ছিল সেটা আমাদের অবাক করেছে। আবার যখন বাংলাদেশে আসব, তখন নিশ্চিত হয়ে আসব যে আমাদের এই ধরনের আম্পায়ারিং মোকাবিলা করতে হবে এবং সেই অনুয়ায়ী প্রস্তুত হয়ে আসব। আম্পায়াদের সিদ্ধান্তে আমরা খুবই হতাশ।'

এরপর ট্রফি নিয়ে ছবি তোলার জন্য ডাকা হয় দুই দলের ক্রিকেটারদের। তখন হারমানপ্রিত বলে উঠেন, 'আম্পায়াররা কোথায়? আম্পায়ারদেরও ডাকুন।' সেই সময় বাংলাদেশ দলকে উদ্দেশ্য করে বলেন, 'তোমরা তো ম্যাচ জিতনি, আম্পায়ার জিতেছে।'

হারমানপ্রীতের এমন কথার প্রতিবাদ করে ছবি না তুলে সেখান থেকে দলকে নিয়ে চলে যান বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এরপর সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশের অধিনায়ক বলেন, 'দেখেন আমি বলব ও যেটা করেছে ওর (হারমানপ্রীত) ব্যাপার। তবে আমি বলব একজন খেলোয়াড় হিসেবে সে আরেকটু ভদ্রভাবে কথা বলতে পারত।'

তিনি আরও বলেন, 'কিছু কথা হয়েছে যা এখানে বলা সম্ভব না। কিছু কথা ছিল তাতে মনে হয়েছে আমার ওখানে থাকা ঠিক হবে না দল নিয়ে। কারণ ক্রিকেট একটা সম্মানের জায়গা। একটা শৃঙ্খলার জায়গায়, এটা ভদ্রলোকের খেলা।'