ফরিদপুর শহরের ভাটিলক্ষ্মীপুরে মঙ্গলবার রাত ৩টার দিকে সাংবাদিক শফিকুল ইসলাম মনির বাড়িতে ডাকাতি হয়েছে। এ সময় বাধা দিলে মনির স্ত্রী জারজিনা আক্তার মুক্তিকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে ডাকাত দল।
শফিকুল ইসলাম মনি বাংলাদেশ বেতারের ফরিদপুর প্রতিনিধি।
তিনি জানান, মঙ্গলবার রাত ৩টার দিকে ঘরের পেছনের লোহার গ্রিল ও একটি কাঠের দরজা ভেঙে ছয়-সাতজন লোক ভেতরে ঢুকে গলায় অস্ত্র ঠেকিয়ে শিশুকন্যা ফারিয়া ইসলামকে জিম্মি করে। পরে সে চিত্কার দিলে পাশের রুম থেকে তার মা জারজিনা এগিয়ে যাওয়ার চেষ্টা করলে ডাকাতরা তাঁকে আঘাত করে। এতে তাঁর মাথায় গুরুতর জখম হয় এবং একটি দাঁত ভেঙে যায়।
ডাকাতরা নগদ ২০ হাজার টাকা, সাড়ে তিন ভরি স্বর্ণালংকার ও মোবাইল ফোনসেট লুটে নেয়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এফ এম নাসিম জানান, ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে তত্পর পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।