নেশা করতে বাধা দেওয়ায় শিক্ষককে মারধর!

নেশা করতে বাধা দেওয়ায় তাড়াশে জনসম্মুখে রঘুনিলী মঙ্গলবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক আইয়ূব আলীকে মারধরের অভিযোগ উঠেছে ঐ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছাব্বির হোসেন ও তার স্বজনদের বিরুদ্ধে। ছাব্বির উপজেলার নওগাঁ ইউনিয়নের বিপাচান গ্রামের আবুল কালামের ছেলে। মঙ্গলবার সকালে পৃথক দুটি স্থানে এ হামলার শিকার হন ঐ শিক্ষক। এদিকে শিক্ষককে মারধরের ঘটনায় ক্ষুব্ধ হয়েছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা অর্ধবার্ষিক ও প্রাক নির্বাচনী পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করে। পরে পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক হলে পরীক্ষায় অংশ নেয়। এ প্রসঙ্গে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফকির জাকির হোসেন বলেন, একজন শিক্ষককে মারধর করা অনভিপ্রেত। নিয়মানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।