নব্যতা হারিয়ে শিবসা নদী পরিণত হলো নালায়  

নব্যতা হারিয়ে খুলনার পাইকগাছা অঞ্চলে শিবসা নদী ভরাট হয়ে এখন নালায় পরিণত হয়েছে। দ্রুত খননের উদ্যোগ না নেওয়ায় হলে দখলের আশঙ্কা করছে পাইকগাছাবাসী।

সংশ্লিষ্টরা জানান, উপজলার পৌরসভার প্রাণ কেন্দ্র অবস্থিত এক সময়ের খরস্রোতা শিবসা নদীতে লঞ্চ, স্টিমারসহ বিভিন্ন নৌযান চলাচল করতো। কয়রা, পাইকগাছা ও বড়দল এলাকার লোকজন নৌপথেই সহজেই যাতায়ত করতো। এখন সব কিছুই শুধু স্মৃতি। অথচ সেই নদী এখন সম্পুর্ণ পলি জমে ভরাট হয়ে গেছে। জেগে উঠছে বিশাল চর।

ইতোমধ্যে অনেকেই চরের বিশাল বিশাল এলাকা দখল করে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। বিশাল এলাকা জুড়ে গেওয়া, গোলপাতাসহ বিভিন্ন গাছ লাগিয়ে গড়ে উঠেছে বনাঞ্চল।

এদিকে, নদীতে জমা পলির ওপর দিয়ে সাধারণ মানুষ পায়ে হেঁটে চলাচল করছে। তবে জোয়ারের সময় হাটু পানি দেখা যায়। শহর রক্ষা বাঁধ না থাকায় আষাড় শ্রাবণ মাসে জোয়ারের পানিতে এলাকাও প্লাবিত হয়। তবে এবার সেটাও হচ্ছে না।  

খুলনা পানি উন্নয়ন বোর্ডের পাইকগাছা শাখা কর্মকর্তা (এসও) রাজু আহম্মদ জানান, নদী খনন না হওয়া পর্যন্ত এ সমস্যা সমাধানের কোনো বিকল্প নেই। খননের জন্য সরকারের কাছে লেখা হয়েছে।

খুলনা-৬ আসনের সংসদ সদস্য মো. আকতারুজ্জামান বলেন, শিববাটী ব্রিজ থেকে হাঁড়িয়া পর্যন্ত শিবসা নদী খননের জন্য আমি চেষ্টা করে যাচ্ছি। নামমাত্র নদী আছে, বাস্তব নদী তার অস্থিত্ব হারাতে বসেছে।

পাইকগাছা পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর বলেন, পাইকগাছাবাসীর একটাই দাবি শিবসা নদী খনন। যার কোনো বিকল্প নেই।

মানবাধিকার কর্মী পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক জানান, দ্রুত এ নদী খনন না হলে অচিরেই এই এলাকা পানিতে নিমজ্জিত হবে।