টেকনাফে ধানের বস্তায় মিলল চার আগ্নেয়াস্ত্র

টেকনাফে এক রাইস মিলে অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্রসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি সদস্যরা। এ সময় ঘটনাস্থল থেকে দেশীয় চারটি লম্বা বন্দুক ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গত সোমবার রাতে টেকনাফের হ্নীলা রঙ্গীখালীর ভাই ভাই রাইস মিলে এ অভিযান চালানো হয়।

আটক আফসার কামাল (২৭) কক্সবাজারে টেকনাফের হ্নীলা রঙ্গীখালী এলাকার মো. ফরিদ আহাম্মদের ছেলে। টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. ফয়সাল হাসান খান গতকাল মঙ্গলবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, টেকনাফের হ্নীলা রঙ্গিখালীর জনৈক হেলাল উদ্দিনের মালিকানাধীন ভাই ভাই অটো রাইস মিলে বেশ কয়েকজন অস্ত্র ব্যবসায়ী দেশীয় অস্ত্র হাতবদল করছে—এমন খবর পেয়ে ২ বিজিবি একটি বিশেষ টহল দল অভিযান চালায়। এ সময় রাইস মিলের ধানের বস্তার ভেতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা দেশে তৈরি চারটি আগ্নেয়াস্ত্র, ১০ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয় এবং এই অবৈধ অস্ত্রগুলো মজুত রাখার অপরাধে অস্ত্র ব্যবসায়ী আফসারকে আটক করা হয়। তিনি আরো বলেন, আটকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে তাকে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।