ভুল চিকিত্সার শিকার

এক মাসেও জ্ঞান ফেরেনি মুন্নির

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী মরিয়ম সুলতানা মুন্নির জ্ঞান গত এক মাসেও ফেরেনি। গত ২০ মে গোপালগঞ্জের জেনারেল হাসপাতালে নার্সের ভুল ইনজেকশনের কারণে অজ্ঞান হয়ে পড়েন মুন্নি।

পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্চা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। এদিকে এক মাস পার হয়ে গেলেও মুন্নির জ্ঞান না ফেরায় উদ্বিগ্ন তার পরিবার।

মুন্নির বড় ভাই হাসিবুল রুবেল বলেন, এখনো আইসিইউতে অজ্ঞান অবস্থায় রয়েছে মুন্নি। চিকিত্সক বলেছেন, সময় লাগবে সুস্থ হয়ে উঠতে। তবে আরো কতদিন লাগবে সুস্থ হতে এ বিষয়ে চিকিত্সকরা কিছু বলতে পারেন না।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন বলেন, সার্বক্ষণিক মুন্নির বিষয়ে খোঁজ রাখা হচ্ছে। তার পরিবারকে দুই লাখ টাকা দেওয়া হয়েছে চিকিত্সার জন্য এবং উন্নত চিকিত্সার জন্য প্রয়োজনে আরো টাকা দেওয়া হবে।

এ ঘটনায় দায়েরকৃত মামলার বিষয়ে গোপালগঞ্জ সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, অভিযুক্ত দুই নার্সকে এখনো গ্রেফতার করা হয়নি। অভিযুক্তরা হাইকোর্ট থেকে আট সপ্তাহের জন্য জামিন নিয়েছেন।