গলে সিরিজের প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে হারিয়ে ৩৬৫ দিন পর বড় ফরম্যাটে জয়ের দেখা পায় পাকিস্তান। আগামীকাল থেকে কলম্বোতে শুরু হতে যাওয়া দ্বিতীয় ও শেষ টেস্ট জিতে বা ড্র করে ১৯ মাস পর সিরিজ জয়ের স্বাদ নিতে চায় পাকিস্তান। পক্ষান্তরে শেষ টেস্ট জিতে ঘরের মাঠে ৩০ মাস ধরে সিরিজ না হারার রেকর্ড ধরে রাখতে মরিয়া স্বাগতিক শ্রীলঙ্কা। কলম্বোতে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় শুরু হবে শ্রীলঙ্কা-পাকিস্তানের মধ্যকার শেষ টেস্ট।
গেল বছরের ২০ জুলাই ৪ উইকেটে টেস্ট জয়ের পর, এ বছর সেই একই দিনে বড় ফরম্যাটে একই ব্যবধানে জয়ের দেখা পায় পাকিস্তান।এক বছর পর টেস্ট জয়ে দীর্ঘদিন জিততে না পারার খড়া কাটাতে সক্ষম হয় বাবর আজমের দল।
এবার পাকিস্তানের সামনে নতুন চ্যালেঞ্জ। ১৯ মাস ধরে টেস্ট সিরিজ জিততে না পারার বন্ধ্যাত্ব ঘোচানোর মিশন তাদের। ২০২১ সালের ডিসেম্বরে সর্বশেষ টেস্ট সিরিজ জিতেছিল পাকিস্তান। ২০২১ সালে বাংলাদেশ সফরে দুই ম্যাচের টেস্ট ২-০ ব্যবধানে জিতেছিলো পাকরা। এরপর চারটি টেস্ট সিরিজ খেলে কোনটিতেই জিততে পারেনি পাকিস্তান।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে আগ্রাসী ব্যাটিং করেছে পাকিস্তান। প্রথম ইনিংসে বেশিরভাগ সময় ওভার প্রতি ৪.৫ করে রান রেট অব্যাহত রাখে তারা। বাবর-ইমামদের মারমুখী ব্যাটিং চাপে রেখেছিলো শ্রীলঙ্কান বোলারদের। যা অনেকটা ইংল্যান্ডের নতুন ‘বাজবল’ স্টাইলের সাথে মিলে যায়।
প্রথম ইনিংসে পাকিস্তানের হয়ে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করেন সৌদ শাকিল। ১২৯ বলে সেঞ্চুরি করেন তিনি। ষষ্ঠ উইকেটে আগা সালমানের সঙ্গে ১৭৭ রানের জুটি গড়েন শাকিল। এতে প্রথম ইনিংসে ১৪৯ রানের লিড পায় পাকিস্তান।
ব্যাটার শান মাসুদ বলেন, ‘সর্বশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের পর পাকিস্তান ম্যানেজমেন্টের দৃঢ় বিশ্বাস জন্মেছিল ‘আমরা প্রতিপক্ষের বিপক্ষে দ্রুত বড় স্কোর করতে না পারার কারণেই ম্যাচ জিততে পারিনি।’
তিনি আরও বলেন , লাহোর এবং করাচিতে প্রাথমিক অনুশীলন ক্যাম্পে দলকে ভালোভাবে প্রস্তুত করা হয়েছে। গলে প্রথম ইনিংসে ৩০ বলে ৩৯ রান করা মাসুদ বলেন, ‘প্রতিপক্ষকে চাপে রাখার জন্যই রান তোলার উপর জোর দেয়া হয়েছিলো। এটাই আমাদের লড়াইয়ে ফিরিয়েছে।’
কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবের উইকেটে বাউন্স এবং সুইং থাকার কারণে একাদশে আরও একজন পেসার অন্তর্ভুক্ত করতে চায় পাকিস্তান। কিন্তু আগের ম্যাচ জয়ের কম্বিনেশনে পরিবর্তন আনবে কিনা সেটি ভাবতে হবে পাকিস্তানকে।
শেষ টেস্ট জিতে সিরিজ ড্র করতে হলে নিজেদের খেলায় আরও উন্নতি করতে হবে শ্রীলঙ্কাকে। ধনঞ্জয়া ডি সিলভা ছাড়া, প্রথম টেস্টে নিজেদের মেলে ধরতে পারেনি শ্রীলঙ্কার ব্যাটাররা। ভালো শুরুর পরও নিজেদের ইনিংস বড় করতে পারেনি তারা। দুই ইনিংসে ব্যাট হাতে উজ্জল একমাত্র ধনাঞ্জয়া, ১২২ ও ৮২ রানের দু’টি ইনিংস খেলেছেন।
আজ দ্বিতীয় টেস্টে কাসুন রাজিথার জায়গায় অসিথা ফার্নান্দোকে দলে ফিরিয়ে আনতে পারে শ্রীলঙ্কা। প্রথম ইনিংস ১৯ ওভারে ৭৭ রান দিয়ে মাত্র ১ উইকেট নেন রাজিথা। দ্বিতীয় ইনিংসের বল হাতে আর আক্রমণেই আনা হয়নি রাজিথাকে। প্রথম টেস্টে খেলার সুযোগ পাননি ডেঙ্গু জ্বর থেকে সুস্থ হওয়া ফার্নান্দো।
গল টেস্টে শ্রীলঙ্কা দলের করুণ চিত্র ফুটে উঠেছে। ৯৩ এবং ১৩৯ রানে জীবন পান অপরাজিত ২০৮ রান করা পাকিস্তানের শাকিল। সেই সঙ্গে বেশ কিছু রিভিউ নষ্টও করে লংকানরা।
শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুনারত্নে জানান, বোলার এবং উইকেটরক্ষকের সঙ্গে কথা বলেই ডিআরএস নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
তিনি বলেন, ‘রিভিউর ভুল বিচার করা দলের জন্য ক্ষতি এবং প্রতিন্দ্বন্দিতাপূর্ণ খেলার সময় এটি গুরুত্বপূর্ণ হতে পারে। রিভিউর সঠিক ব্যবহার এবং ভিন্নভাবে কি করা যায় সেদিকে আমাদের মনোযোগ দিতে হবে।’
কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবের ভেন্যুতে ৪৩টি টেস্টের মধ্যে ২০টিতে জয় এবং মাত্র ৯টিতে হেরেছে শ্রীলঙ্কা। এরমধ্যে পাঁচ বছর আগে ইংল্যান্ডের বিপক্ষে এই ভেন্যুতে সর্বশেষ টেস্ট খেলেছিলো তারা। এই ভেন্যুতে ৬ বার খেলেছে পাকিস্তান। এরমধ্যে ১টি করে জয় ও হার এবং বাকিগুলো ড্র করেছে তারা।