জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ রচিত ছোটগল্প ‘বোতল ভূত’ অবলম্বনে নির্মিত হয়েছে টেলিছবি। গল্পের নামেই টেলিছবির শিরোনাম দেওয়া হয়েছে। এটি নির্মাণ করেছেন মেহের আফরোজ শাওন। আগামী ১৩ নভেম্বর হিমু, মিসির আলী, শুভ্র, রুপাসহ অনবদ্য সব চরিত্রের জনক এই জনপ্রিয় লেখকের জন্মবার্ষিকী উপলক্ষে দুরন্ত টিভিতে সম্প্রচার করা হবে টেলিছবিটি।
হুমায়ূন নামের এক দুষ্টু ছেলে এই টেলিছবিটির কেন্দ্রবিন্দু। হুমায়ূন ছাত্র হিসেবে ভালো নয়। ক্লাসের ৩২ জনের মধ্যে ওর রোল ৩২। তবে ওদের ক্লাসে যে ছেলেটা একদম কথা বলে না, সে হলো মুনির। ও কিন্তু খুব ভালো ছাত্র। মুনির হুমায়ূনকে নিজে থেকেই জিজ্ঞেস করে, ভূত পুষবে নাকি? একদিন দেখতে অবিকল রবীন্দ্রনাথের মতো এক লোক বোতলে ভরে একটা ভূত উপহার দিলো হুমায়ূনকে। এই ভূত আর হুমায়ূনকে নিয়েই ‘বোতল ভূত’-এর গল্প।
এই টেলিছবিতে অভিনয় করেছেন মামুনুর রশীদ, ঝুনা চৌধুরী, আজাদ আবুল কালাম, আব্দুল্লাহ রানা, খলিলুর রহমান কাদেরী, ওয়াসেক, শাহনাজ সুমি, আফরোজা, মতিউর রহমান মতি, মো. ইব্রাহিম, প্রিনন, ঋত, জয়েত, নীল, জারিফ, অনিন্দ্য, নির্জন, আনন, ধ্রুব, জিহাদ, সায়রী, জয়শ্রী ও তাহজীব। দুরন্ত টিভিতে টেলিছবিটি প্রচার হবে ১৩ নভেম্বর রাত ১০ টায়।