কাউন্সিলের তফসিল বাতিল ও নেতাকর্মীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গতকালও বিক্ষোভ করেছে ছাত্রদলের একাংশ। এসময় কার্যালয়ে ভাঙচুরও চালান তারা। দেড় ঘন্টা বিক্ষোভের পরে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে কার্যালয় ত্যাগ করেন বয়স্ক ও বহিষ্কৃত নেতাকর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল মঙ্গলবার সকাল ১১টা থেকে ছাত্রদলের কাউন্সিলের পক্ষের নেতাকর্মীরা কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে মিছিল ও স্লোগান দিচ্ছিলেন। দুপুর সোয়া ১২টার দিকে বহিষ্কৃত বয়স্ক ছাত্রদল নেতাদের নেতৃত্বে কর্মীরা মিছিল নিয়ে এসে কাউন্সিলপন্থীদের ধাওয়া দেন। তারা বিএনপি কার্যালয়ের ভেতরে ঢুকে পড়েন। পরে বহিষ্কৃত নেতাকর্মীরা অফিসের ভেতর প্রবেশ করতে চাইলে তারা বাধার সম্মুখীন হন। এ সময় তারা কার্যালয়ের নিচতলার প্রবেশমুখে থাকা চেয়ার-টেবিল ভাঙচুরসহ ব্যানার ছিড়ে ফেলেন, সাইনবোর্ড ও সিসি ক্যামেরা ভাংচুর করেন। কিছু নেতাকর্মী কার্যালয়ে প্রবেশ করে দ্বিতীয় ও তৃতীয় তলায় উঠে যান। সেখানে হাতাহাতিতে মাহবুবুর রহমান ইমতিয়াজ নামের একজন আহত হন। কয়েকজন আহত হন ভাঙা কাঁচের আঘাতে। পরে বহিষ্কৃতরা কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
বিক্ষুব্ধরা ফিরে যাওয়ার সময় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটালে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। ছাত্রদলের বিলুপ্ত কমিটির সহ-সভাপতি ইকতিয়ার রহমান কবির বলেন, আজকের (বুধবার) মধ্যে দাবি আদায় না হলে পরদিন (বৃহস্পতিবার) যে কোনো অনাকাঙ্খিত ঘটনার জন্য সিন্ডিকেট দায়ী থাকবে। আমরা ঘোষিত তফসিল বাতিল করে নতুন তফসিলের দাবি জানাচ্ছি। সেইসঙ্গে বয়সসীমা নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনের দাবি জানান তিনি। এর আগে সোমবারও নয়াপল্টনে কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছিল ছাত্রদলের একাংশ। একপর্যায়ে সেখানে ৫টি ককটেলের বিস্ফোরণও ঘটানো হয়।