সিরিজ জিতলেও ভারতের আক্ষেপ বাড়িয়ে দিলো বৃষ্টি

ওল্ড ট্রাফোর্ডের বৃষ্টি যেমন কপাল পুড়িয়েছে ইংল্যান্ডের, তেমনি পোর্ট অব স্পেনের বৃষ্টিও যেন মন খারাপ করিয়ে দিলো ভারতের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের শেষদিন পুরোটাই বৃষ্টিতে ভেসে যাওয়াই ড্রয়েই সন্তুষ্ট থাকতে হয় রোহিত শর্মার দলকে। প্রথম টেস্টে জেতাই সিরিজ জয় হয়ে গেলেও এই টেস্টে ফল না আসায় টেস্ট চ্যাম্পিয়শিপের প্রথম সিরিজ থেকে পূর্ন পয়েন্ট না পাওয়ার আফসোস রয়ে গেলো ভারতীয় শিবিরে। 
 
প্রথম টেস্টে ইনিংস ও ১৪১ রানে জিতে ভারত পূর্ণ পয়েন্ট  পেলেও  ড্র হওয়ায় দ্বিতীয়  টেস্টে ভাগ বসিয়েছে  ওয়েস্ট ইন্ডিজ। এতে দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে জিতেছে টিম ইন্ডিয়া। 

শেষ টেস্টটি জিততে ম্যাচের পঞ্চম ও শেষ দিন ওয়েস্ট ইন্ডিজের ২৮৯ রান ও ভারতের ৮ উইকেট দরকার ছিলো। ভারতের ছুঁড়ে দেওয়া ৩৬৫ রানের টার্গেটে চতুর্থ দিন শেষে ২ উইকেটে ৭৬ রান করেছিলো ওয়েস্ট ইন্ডিজ। 

পঞ্চম ও শেষ দিন টানা বৃষ্টির কারণে মাঠেই নামতে পারেনি দুই দলের ক্রিকেটাররা। শেষ পর্যন্ত ম্যাচটি ড্র ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালরা। 

প্রথম ইনিংসে ৪৩৮ ও দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১৮১ রান করে ভারত। দুই ইনিংসে যথাক্রমে ২৫৫ ও ২ উইকেটে ৭৬ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে ৬০ রানে ৫ উইকেট নেয়ায় ম্যাচ সেরা হন ভারতের পেসার মোহাম্মদ সিরাজ।  

দুই ম্যাচের এই সিরিজটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ ছিলো। সিরিজের ২ ম্যাচে ১টি করে জয়-ড্র’তে শতকরা ৬৬.৬৭ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নশিপের টেবিলে দ্বিতীয়স্থানে আছে ভারত। ১ টেস্টে ১ জয়ে শতভাগ পয়েন্ট নিয়ে শীর্ষে পাকিস্তান। ২ ম্যাচে ১টি করে হার ও ড্র’তে শতকরা ১৬. ৬৭ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে ওয়েস্ট ইন্ডিজ। 

আগামী ২৭ জুলাই থেকে ক্যারিবিয়ানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে ভারত। এরপর ৩ আগস্ট থেকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও মুখোমুখি হবে দুই দল।