আওয়ামী লীগ সাংস্কৃতিক আন্দোলনেরও ধারক বাহক ------------ ওবায়দুল কাদের

দেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে এক সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ রাজনৈতিক আন্দোলনের পাশাপাশি সাংস্কৃতিক আন্দোলনেরও ধারক-বাহক।

দলের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী জাতীয় কর্মসূচির মধ্যে গতকাল সমাপনী দিবসে আওয়ামী লীগের সাংস্কৃতিক উপ-কমিটি এ মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে। এ সময় আয়োজকদের ধন্যবাদ জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক উপ-কমিটির চেয়ারম্যান আতাউর খান, সদস্য সচিব আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক সুজিত রায় নন্দী, সদস্য   রিয়াজুল কবির কাওছার, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সাংগঠনিক সম্পাদক হেদায়েতুল ইসলাম স্বপন প্রমুখ। এতে সংগীত পরিবেশন করেন শিল্পী ফাহমিদা নবী, বাপ্পা মজুমদার ও তার দল দলছুট, কিরণ চন্দ্র রায়, শিল্পী রিজু বাউল, আবৃত্তি শিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায়সহ আরো অনেকে।