যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তের গুলিতে ফের বাংলাদেশি ব্যবসায়ী নিহত

যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তের গুলিতে প্রাণ হারালেন কুমিল্লার মোহাম্মদ আবুল হাশিম (৪২) নামে এক যুবক। রোববার (২৩ জুলাই) স্থানীয় সময় সকালে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফিনিক্স শহরের একটি এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত আবুল হাশিম জেলার বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের কালিকাপুর গ্রামের জুলফিকার আহমেদের ছেলে। 

নিহত আবুল হাশিমের ঘনিষ্ঠজন কালিকাপুর গ্রামের প্রতিবেশী জাহাঙ্গীর আলম জানান, আবুল হাশিম ও তার পরিবারের সবাই যুক্তরাষ্ট্রে বসবাস করেন। এখানে গ্রামের বাড়িতে কেউ থাকেন না। আবুল হাশিমের স্ত্রী, ৬ বছরের এক ছেলে, ২ বছরের এক মেয়ে রয়েছে। তিনি পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় বসবাস করেন। তাদের ভাই-বোন ৭ জন, তারা সবাই যুক্তরাষ্ট্রের একই শহরে বসবাস করছেন। সেখানে একটি মুদি দোকানের মালিক ছিলেন আবুল হাশিম। সন্ত্রাসীরা ওই দোকানে ঢুকে তাকে গুলি করে হত্যা করে। 

কর্মসংস্থান ও জনশক্তি অফিস কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ বলেন, যুক্তরাষ্ট্রে গুলিতে কুমিল্লার কেউ নিহত হয়েছেন এমন কোনো তথ্য পায়নি। 

বুড়িচং থানার ওসি মো. ইসমাইল হোসেন বলেন, এ ঘটনা সম্পর্কে কিছুই জানা নেই। সাংবাদিকদের কাছ থেকে জেনেছি। এ বিষয়ে খোঁজ-খবর নেওয়া হবে।

উল্লেখ্য, এর আগে গত ১৮ জুলাই দেশটির মিজৌরি অঙ্গরাজ্যের সেন্টলুইস শহরের হ্যাম্পটন অ্যাভিনিউয়ে একটি গ্যাস স্টেশনে গুলিতে নিহত হন চট্টগ্রামের মিরেরসরাই এলাকার ইয়াজউদ্দিন আহম্মদ (২৩)। ৫ দিনের ব্যবধানে দেশটিতে দুই বাংলাদেশি গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার ঘটনা ঘটলো।