আচমকা সংবাদ সম্মেলন ডেকে অশ্রুসিক্ত নয়নে ক্রিকেট থেকে বিদায় নিয়েছিলেন তামিম ইকবাল। তবে একদিন পরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অবসর ভাঙেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক। প্রধানমন্ত্রীর সঙ্গে তামিমের সাক্ষাতের পেছনে বড় ভূমিকা রেখেছিলেন মাশরাফি বিন মর্তুজা। সেই সময় তামিমকে দেখে হতাশ হয়েছিলেন বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক।
বুধবার (২৬ জুলাই) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এক অনুষ্ঠান শেষে তামিমের অবসর প্রসঙ্গে গণমাধ্যমকে মাশরাফি বলেন, ‘তামিমের ওপর কী গিয়েছে, তামিম ঠিক ততটা আমার সঙ্গে শেয়ার করেনি। তবে আমি সবচেয়ে বেশি হতাশ হয়েছি তামিমকে দুর্বল দেখে। ও একটা আন্তর্জাতিক ক্রিকেটার, ওর পক্ষেও অনেকে কথা বলেছে। সাধারণভাবে তামিম এটুকু লড়াই করতে পারবে না, তা আমার কাছে মনে হয়নি। তবে কখনো কখনো মানুষ ভেঙে পড়ে, তখন মানুষের সহায়তা প্রয়োজন হয়।’
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের পরেই তামিম অবসর ভাঙেন। এই প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমি বলব, তামিম খুব ভাগ্যবান, মাননীয় প্রধানমন্ত্রী তাকে ডেকেছেন, কথা বলেছেন এবং তাকে ক্রিকেটে ফিরিয়ে এনেছেন। এই সৌভাগ্য সবার হয় না।’