ভারতে গনপিটুনিতে মুসলিম যুবক হত্যায় গ্রেফতার ১১

ভারতের ঝাড়খন্ডে রামনাম করিয়ে এক মুসলিম যুবককে গণপিটুনিতে মারার ঘটনায় জড়িত সন্দেহে ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। দায়িত্বে অবহেলার দায়ে দুই পুলিশ কর্মকর্তা চন্দ্রমোহন ওরাও এবং বিপিন বিহারীকে বরখাস্ত করা হয়েছে। অভিযোগ আছে, তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ঘটনাটির গুরুত্ব বোঝাতে পারেননি। অথচ একইদিনে তারা গণপিটুনির আরও একটি মামলা নথিভুক্ত করেছেন। মোটরসাইকেল চুরির অভিযোগে তবরেজ আনসারি নামে ২৪ বছরের ওই যুবককে গত সপ্তাহে একটি পোস্টে বেঁধে বেধড়ক মারধর করে উন্মত্ত জনতা। পেটাতে পেটাতেই ওই যুবককে দিয়ে জোর করে ‘জয় শ্রী রাম’ ও ‘জয় হনুমান’ বলানো হয়। অত্যাচারে তবরেজ জ্ঞান হারালে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ হেফাজতে চারদিন পরে মারা যায় তবরেজ। -বিবিসি ও আনন্দবাজার পত্রিকা