গল টেস্ট জিতে এক বছর পর টেস্ট জয়ের উৎসব করা পাকিস্তান কলম্বোর দ্বিতীয় টেস্টেও জয়ের পথেই রয়েছে। স্বাগতিক শ্রীলঙ্কানদের পাড়ার ক্রিকেটার বানিয়ে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে রান উৎসবে মেতেছেন পাকিস্তানি ব্যাটসম্যানরা।
সেই উৎসবে ওপেনার আব্দুল্লাহ শফিক তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারে নিজের প্রথম ডাবল সেঞ্চুরি। আঘা সালমানও খেলেছেন ক্যারিয়ার সেরা ইনিংস। তবে ডাবল সেঞ্চুরিয়ান শফিক ও সেঞ্চুরিয়ান আগা সালমানকে ছাপিয়ে কীর্তিতে এগিয়ে সৌদ শাকিল। এদের কীর্তিতে পাকিস্তান প্রথম ইনিংসে এরই মধ্যে ৫ উইকেট হারিয়ে করেছে ৫৬৩ রান। এরই মধ্যে পাকিস্তান লিড নিয়েছে ৩৯৭ রানের। তাদের হাতে রয়েছে আরো ৫টি উইকেট।
উল্লেখ্য, শ্রীলঙ্কা প্রথম ইনিংসে অলআউট হয়েছে মাত্র ১৬৬ রানে। ২৭ বছর বয়সী বাঁ-হাতি ব্যাটসম্যান গড়েছেন নতুন বিশ্বরেকর্ড। ক্যারিয়ারে এটা তার সপ্তম টেস্ট। ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে নিজের খেলা সাত টেস্টেই হাফসেঞ্চুরি করার কৃতিত্ব দেখালেন সৌদ শাকিল। ১৪৬ বছরের টেস্ট ইতিহাসে এই কীর্তি আর কারো নেই। মানে তার আগে কোনো ক্রিকেটাররাই ক্যারিয়ারের প্রথম ৭ টেস্টের প্রতিটিতেই হাফসেঞ্চুরি করতে পারেননি। তবে ক্যারিয়ারের প্রথম ৬ টেস্টে হাফসেঞ্চুরি করার কীর্তি গড়েছেন যৌথভাবে ৪ জন-শাকিলের পূর্বসূরি সাঈদ আনোয়ার, ভারতের সুনীল গাভাস্কার, ওয়েস্টইন্ডিজের বাসিল বুচার ও নিউজিল্যান্ডের বার্ট সাটক্লিফ।
২০২২ সালের ডিসেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে অভিষেকের পর থেকে প্রতি ম্যাচেই অন্তত হাফ সেঞ্চুরি করেছেন শাকিল। ৭ ম্যাচের ১৩ ইনিংসের মধ্যে ৮ বারই ব্যাট উঁচিয়ে দর্শক অভিনন্দের জবাব দিয়েছেন। এর মধ্যে দুবার সেঞ্চুরি ছুঁয়েছেন, বাকি ছয়টি হাফসেঞ্চুরি হিসেবেই লিপিবদ্ধ হয়েছে। এই তালিকায় গতকাল খেলেছেন ৫৭ রানের ইনিংস। ২ উইকেটে ১৭৮ রান নিয়ে গতকাল তৃতীয় দিনের খেলা শুরু করা পাকিস্তান সকালের দিকেই হারিয়ে ফেলে অধিনায়ক বারব আজমকে। ৩৯ রান করে বাবর ফিরে যাওয়ার উইকেটে আসেন সৌদ শাকিল। জুটি বাঁধেন শফিকের সঙ্গে। দুজনে মিলে ১০৯ রানের জুটি গড়েছেন। শাকিল ৫৭ করে আউট হলেও উইকেটেই থেকে যান শফিক। শাকিলের পর সরফরাজ আহমেদও দ্রুত ফিরে যাওয়ার পর মাঠে নামেন আগা সালমান। ব্যাট হাতে তিনিও সুবর্ণ সময় পার করছেন। শফিকের সঙ্গে মিলে ষষ্ঠ উইকেটে ১৪৯ রানের জুটি গড়েন। শফিক ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির স্বাদ পেয়েই আউট হয়ে গেছেন ২০১ রান করে। সালমান এখনো অপরাজিত আছেন ১৩২ রান করে। তার সঙ্গী মোহাম্মদ রিজওয়ান ব্যাট করছেন ৩৭ রানে।