অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে তেল ব্যবসায়ীর মৃত্যু

বরিশাল অফিস

ভোলার দৌলতখানে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে এক তেল ব্যবসায়ীর মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত কাশেম হাওলাদার (৩৩) ভোলা সদর থানাধীন ধুনিয়া এলাকার রাজি মিয়া হাওলাদারের ছেলে। মৃতের ভাই আব্দুল বাছেদ হাওলাদার জানান, তেল পরিবহনের জন্য কাশেম হাওলাদারের নিজের ট্যাংক লরি আছে। যাতে করে বরিশাল থেকে তেল নিয়ে ভোলার বিভিন্ন স্থানে বিক্রি করা হতো। বৃহস্পতিবার দুপুরে ভোলার দৌলতখান থানাধীন বাংলাবাজারের একটি তেলের দোকানে পাওনা আদায়ের জন্য যান মো. কাশেম হাওলাদার। ওই দোকানে বসা অবস্থায় আকস্মিক সে অচেতন হয়ে মেঝেতে লুটিয়ে পড়লে স্থানীয়রা উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। তিনি বলেন, এ সময় তার সাথে থাকা টাকা ও মোবাইল ফোন কিছুই পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছিলো সে। কাশেমের অবস্থার অবনতি হলে সন্ধ্যায় বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। সর্বশেষ তাকে নিবিড় পর্যবেক্ষণের জন্য আইসিইউতে প্রেরণ করা হয়। সেখানেই চিকিত্সাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিত্সক। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম।