সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে—মাদ্রাসার ৬৫ শতাংশ শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুকে সক্রিয়। এদের অধিকাংশই সামাজিক মাধ্যম ব্যবহার করেন মোবাইল ফোনের মাধ্যমে। যদিও বাংলাদেশের অনেক মাদ্রাসাতেই মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ। বেসরকারি সংস্থা মুভ ফাউন্ডেশন এ জরিপটি চালিয়েছে।
মুভের প্রতিষ্ঠাতা সাইফুল হক বলেছেন, বাংলাদেশের ১২টি জেলার কওমি ও আলিয়া মাদ্রাসার ৮২৫ জন শিক্ষার্থীর ওপর এ জরিপ করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীর ৬৩ শতাংশ মোবাইল ফোন বা ট্যাবের মাধ্যমে ব্যবহার করেন। ১২ শতাংশ কম্পিউটারে, পাঁচ শতাংশ ইউনিয়ন ডিজিটাল সেন্টারে এবং পাঁচ শতাংশ সাইবার ক্যাফেতে যায় ফেসবুক ব্যবহারের জন্য। সামাজিক মাধ্যমে মাদ্রাসা শিক্ষার্থীদের মূল আগ্রহের বিষয়—ধর্মীয় ও সামাজিক বিভিন্ন ইস্যু সম্পর্কে জানা। বিনোদন এবং খেলাধুলার খবর নিয়েও আগ্রহী তারা। জরিপে মাদ্রাসার শিক্ষার্থীদের উগ্রবাদে আগ্রহী হওয়ার প্রমাণ মেলেনি। কওমি মাদ্রাসার ছাত্রীদের মধ্যে ৯৬ শতাংশই ধর্মীয় শিক্ষামূলক বিষয়ে আগ্রহী। জরিপে অংশ নেওয়া শিক্ষার্থীদের বেশিরভাগই সাইবার ক্রাইম সম্পর্কে ধারণা খুব কম।